IPL 2023: শাকিব আইপিএল খেলবেন না! আরসিবি দ্বৈরথের আগে বড় ধাক্কা কেকেআরের
আইপিএলে ইডেনে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে প্রথম হোম ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। দেশের হয়ে খেলা আর ব্যক্তিগত কারণেই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

কেকেআর ধাক্কা খেল
মিনি অকশন থেকে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও শাকিব ও লিটনকে বাংলাদেশের টেস্ট দলে রাখা হয়েছে। কাল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যেহেতু তাঁদের চোট নেই, তাই বাংলাদেশের হয়ে খেলতে হবে।

শাকিব আসছেন না
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে প্রথমে জানা গিয়েছিল, আইরিশদের বিরুদ্ধে একটি টেস্টে তাঁদের না রাখার অনুরোধ করেছিলেন এই দুই ক্রিকেটার। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অনুমতি দেয়নি। শাকিবকে টেস্ট দলের অধিনায়ক করা হয়। লিটন দাসও রয়েছেন সেই দলে। এরপরই শাকিবের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেল কেকেআর। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট যদি পাঁচ দিন চলে তাহলে শাকিব ও লিটনকে তিনটি ম্যাচে পেত না কেকেআর।

বাংলাদেশের হয়ে খেলাকে প্রাধান্য
এখানেই শেষ নয়। মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফর রয়েছে। সে কারণে শাকিব ও লিটনকে দেশের হয়ে খেলতে হলে পুরো আইপিএলেও পাওয়া যেত না। একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, শাকিব গতকালই কলকাতা নাইট রাইডার্সকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে খেলা এবং ব্যক্তিগত বিষয়কেই শাকিব চিহ্নিত করেছেন। উল্লেখ্য, মে মাসের ৯, ১২ ও ১৪ তারিখ বাংলাদেশ তিনটি ওডিআই খেলবে আয়ারল্যান্ডে।

লিটন কী করবেন?
শাকিবের পর এবার লিটন দাস কী পদক্ষেপ করেন সেটাও দেখার। বিসিবি সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের কবে পাওয়া যাবে সে ব্যাপারে আগে থেকেই বিসিসিআইকে জানানো হয়েছিল। যদিও ফ্র্যাঞ্চাইজিদের তরফে সেই বার্তা না থাকার ইঙ্গিত মিলছে। এমনিতেই প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে কেকেআর। আরসিবি গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে তাতে কেকেআরকে চিন্তায় থাকতে হচ্ছে।

বিভ্রান্তি সর্বস্তরে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি বিসিসিআই তথা আইপিএল কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা ৮ এপ্রিল থেকে ১ মে অবধি আইপিএল খেলতে পারবেন। মিনি অকশনের আগে বিদেশিদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে। কিন্তু কোথাও যে একটা ভুল বোঝাবুঝি রয়েছে তা স্পষ্ট কেকেআরের বিবৃতিতেই। গত ১৮ মার্চ কেকেআর জানায়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকের পরই আসবেন শাকিব ও লিটন!
— KolkataKnightRiders (@KKRiders) April 2, 2023 |
সমস্যা বাড়ল নাইটদের
পাঞ্জাব ম্যাচে হারার পর আজ থেকেই ইডেনে অনুশীলন শুরু করে নীতীশ রানার দল। শ্রেয়স আইয়ারের বিকল্প অধিনায়কের দৌড়ে শাকিবের নামও ছিল। কিন্তু বাংলাদেশের হয়ে খেলার ফলে শাকিব কটা ম্যাচে খেলতে পারবেন তা নিয়ে সংশয় ছিলই। কিন্তু কেকেআরের দল বেশ নড়বড়েই দেখাচ্ছে। শাকিব আল হাসান ও লিটন দাস দুরন্ত ফর্মেও রয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্বের ১ নম্বর টি ২০ অলরাউন্ডার ছিটকে যাওয়ায় সমস্যা বাড়ল নাইটদের। আইপিএল অনুমতি দিলে বিকল্পের সন্ধানেও নামতে হবে শাহরুখের দলকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications