IPL 2023: কেকেআর বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে! শাকিব-লিটনকে আটকে মুস্তাফিজুরকে ছাড়
আইপিএলে প্রথম ম্যাচ খেলার আগেই দুঃসংবাদ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আজ মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তো বটেই, ৬ এপ্রিল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচেও শাকিব আল হাসান ও লিটন দাসকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স।

ধাক্কা খেল কেকেআর
ঢাকায় ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই টেস্টের দল আজ ঘোষণা করা হয়েছে। ওই দলে রয়েছেন শাকিব ও লিটন। টেস্টটি পাঁচ দিন গড়ালে ৮ তারিখ তা শেষ হবে। কেকেআরের তৃতীয় ম্যাচটি রয়েছে ৯ এপ্রিল আমেদাবাদে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

শাকিব-লিটন আটকে গেলেন
এই পরিস্থিতিতে ৮ তারিখ অবধি টেস্ট চললে শাকিব ও লিটনের পক্ষে ৯ তারিখের ম্যাচ খেলার সম্ভাবনা কার্যত থাকবে না। ইডেন ম্যাচের আগে দুরন্ত ফর্মে থাকা শাকিব ও লিটনকে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল কেকেআর। যদিও আজ বাংলাদেশের টেস্ট দল ঘোষণায় সেই আশার জলাঞ্জলি।

বিসিবি অনড়
বিসিবি সভাপতি নাজমুল হাসানের দাবি, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকেই ওয়াকিবহাল ছিল বাংলাদেশ ক্রিকেটারদের কবে থেকে পাওয়া যাবে সেই ব্যাপারে। পাপনের দাবি, বিসিসিআইকেও অনেক আগেই তা জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরার প্রশ্ন নেই। বাংলাদেশ ক্রিকেট মহল সূত্রে জানা গিয়েছিল, শাকিব ও লিটন টেস্ট ম্যাচ থেকে অব্যাহতি চেয়েছিলেন। যদিও রাজি হয়নি বিসিবি।
লিটন দারুণ ছন্দে
বাংলাদেশ একদিনের সিরিজে ২-০ ব্যবধানে এবং টি ২০ সিরিজে ২-১ ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে। লিটন দাস চট্টগ্রামে টি ২০ আন্তর্জাতিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতরান করার পর ৪১ বলে ৮৩ রান করে আউট হন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে করেন ৫৭ বলে ৭৩। আইরিশদের বিরুদ্ধে একদিনের সিরিজেএ দুটি অর্ধশতরান হাঁকান।

টেস্টে অধিনায়ক শাকিব
বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক শাকিব আল হাসানও সম্প্রতি ভালো ছন্দে রয়েছেন। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ২২ রানে ৫ উইকেট নিয়ে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন। ওই ম্যাচে ঝোড়ো ৩৮ রান তুলে অপরাজিত থাকেন। চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ৭৫ রান করার পাশাপাশি ৩৫ রানে ৪ উইকেট নেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে সিলেটে ৯৩ রানের ইনিংস খেলেন।
|
মুস্তাফিজুরকে ছাড়, স্বস্তিতে দিল্লি
কেকেআর বিপাকে পড়লেও দিল্লি ক্যাপিটালস শিবিরে স্বস্তি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে আজই এসে পৌঁছেছেন। দিল্লি ক্যাপিটালস আজই লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ছিলেন না। আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ খেললেও তৃতীয় ম্যাচে দলে ছিলেন না।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications