IPL 2023: আইপিএলে রাজস্থান রয়্যালস এবার আরও শক্তিশালী, সঞ্জু স্যামসনের দলে এক্স ফ্যাক্টর কারা?
আইপিএলে প্রথমবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। যদিও তারপর থেকে আর খেতাব জিততে পারেনি। গত আইপিএলে ফাইনালে উঠে গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হয়েছিলেন সঞ্জু স্যামসনরা। চোট-আঘাতের সমস্যা থাকলেও রাজস্থান রয়্যালসের শক্তি এবার গত মরশুমের তুলনায় অনেকটাই বেড়েছে।

রাজস্থান রয়্যালস গতবারের রানার-আপ
আইপিএলে গত বছর রাজস্থান রয়্যালস লিগ পর্যায়ের শেষে দ্বিতীয় স্থান দখল করেছিল। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে যায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন সঞ্জুরা। ফাইনালে অবশ্যে গুজরাত টাইটান্স ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে। লো স্কোরিং ফাইনালে রাজস্থান ৯ উইকেটে ১৩০ রান তুলেছিল।

ব্যাটিং গভীরতা বাড়ছে
মিনি অকশন থেকে রাজস্থান রয়্যালস নিয়েছে জেসন হোল্ডারকে, যিনি গত মরশুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন। তিনি দলে আসায় রাজস্থানের ব্যাটিং গভীরতা বাড়বে, ছোট হবে ব্যাটিং লেজ। মিডল অর্ডারে ভাঙন রুখতে শিমরন হেটমায়ারের জায়গায় জো রুটকে খেলানোর পথেও হাঁটতে পারে রয়্যাল শিবির। আবার ইমপ্যাক্ট প্লেয়ারের নিরিখে হোল্ডার ও রুটের মধ্যে রদবদলও করার অপশন থাকছে। কিংবা দেবদত্ত পাড়িক্কল এবং কেএম আসিফ ও কুলদীপ সেনের মধ্য়ে কেউ একে অপরের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন।

কম্বিনেশন নিয়ে চর্চা
রাজস্থান রয়্যালস এবারও রবিচন্দ্রন অশ্বিনকে পিঞ্চ হিটার হিসেবে ব্যবহার করতে পারে। দেশের সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল থাকায় রাজস্থান অন্যতম সেরা স্পিন আক্রমণ নিয়েই নামতে চলেছে। প্রসিদ্ধ কৃষ্ণ এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে। হাঁটুর চোট সারিয়ে মাঠে ফেরার প্রয়াস চালানো ওবেদ ম্যাককয় কটি ম্যাচ খেলতে পারবেন নিশ্চিত নয়। নভদীপ সাইনি থাকলেও প্রসিদ্ধের বিকল্প হিসেবে তুলনায় অনভিজ্ঞ কুলদীপ সেন বা কুলদীপ যাদবের উপর আস্থা রাখতে হবে রয়্যালসকে।

ইমপ্যাক্ট প্লেয়ার বাছাইয়ে সুবিধা
রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং লাইন আপ। গত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন জস বাটলার। সঞ্জুও ছন্দে ছিলেন। পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন ট্রেন্ট বোল্ট। যেহেতু টসের পর দল ঘোষণা করা যাবে এবং ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু থাকছে, সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের হাতে একেক প্লেয়ারের একেক বিকল্প যা রয়েছে, তাতে শক্তিশালী দল নিয়েই নামতে পারবে গতবারের রানার-আপরা।

দলে রয়েছেন কারা?
রাজস্থান রয়্যালস এবার নিজেদের প্রথম দুটি হোম ম্যাচ জয়পুরের পরিবর্তে খেলবে গুয়াহাটিতে। ১৯ এপ্রিল নিজেদের ষষ্ঠ ম্যাচের আগে পর্যন্ত তাদের কোনও খেলা জয়পুরে নেই।
রাজস্থান রয়্যালস- জস বাটলার (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জো রুট, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ডনোভান ফেরেরা, কুণাল সিং রাঠোর, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ঠ, আবদুল বাসিত, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, কেসি কারিয়াপ্পা, মুরুগান অশ্বিন, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, ওবেদ ম্যাককয়, কুলদীপ সেন, কুলদীপ যাদব, কেএম আসিফ।












Click it and Unblock the Notifications