IPL 2023: ঋতুরাজের শতরান হাতছাড়া, একশোর ক্লাবে শামি! ধোনি-ধামাকায় গুজরাতের বিরুদ্ধে চেন্নাই তুলল ১৭৮
আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সামনে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ তুলেছে সিএসকে। ৮ রানের জন্য শতরান হাতছাড়া করলেন ঋতুরাজ গায়কোয়াড়। মহম্মদ শামি এদিন ২টি উইকেট নেওয়ার পাশাপাশি আইপিএলে ১০০তম শিকার নিশ্চিত করলেন। রশিদ খান ও আলজারি জোসেফ পেলেন ২টি করে উইকেট।

শামির ১০০তম আইপিএল উইকেট
টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডেভন কনওয়েকে বোল্ড করে আইপিএলে ১০০তম উইকেটটি পেয়ে যান মহম্মদ শামি। ১৪ রানে প্রথম উইকেট পড়েছিল চেন্নাই সুপার কিংসের। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলি। পাওয়ারপ্লে শেষ হওয়ার ঠিক আগের বলে মঈন আলিকে ফেরান রশিদ খান।

রশিদের বলে ঋদ্ধির দারুণ কিপিং
রশিদের বলে এদিন দুরন্ত উইকেটকিপিং করলেন বাংলার ঋদ্ধিমান সাহা। ভারতের টেস্ট দলের কিপার শ্রীকার ভরত থাকলেও ঋদ্ধিতেই আস্থা রেখেছিলেন হার্দিক। গুজরাত টাইটান্স অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে উইকেটের পিছনে সপ্রতিভ ছিলেন পাপালি। মঈন ও বেন স্টোকসকে তিনি রশিদের বলে স্টাম্প আউট করেন। ৫.৫ ওভারে মঈন (১৭ বলে ২৩) ফেরেন দলের ৫০ রানের মাথায়। ৭.৪ ওভারে স্টোকস চেন্নাইয়ের হয়ে প্রথমবার খেলতে নেমে আউট হন ৬ বলে ৭ রান করে। সিএসকে-র তৃতীয় উইকেটটি পড়ে ৭০ রানে।

মিডল অর্ডার চিন্তায় রাখবে চেন্নাইকে
চেন্নাই সুপার কিংসকে এরপর এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋতুরাজ ও অম্বাতি রায়ুডু। আয়ারল্যান্ডের জশ লিটল আইপিএলে প্রথমবার খেলতে নেমেই রায়ুডুকে বোল্ড করে দিলেন। ১২ বলে ১২ রান করে রায়ুডু ফেরেন ১২.৫ ওভারে দলের ১২১ রানে। এদিন রবীন্দ্র জাদেজা ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। তিনি আলজারি জোসেফের শিকার। শিবম দুবে ১৮ বলে ১৯ রান করলেন। জীবন পেলেও বড় রান করতে পারলেন না, শর্ট বলের স্ট্র্যাটেজির ফাঁকে পা দিলেন তিনি।

অনবদ্য ঋতুরাজ
চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৫০ বলে ৯২ রান করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি চারটি চার ও ৯টি ছক্কা মারলেন। চলতি আইপিএলে প্রথম চার, ছয় মারার পাশাপাশি প্রথম অর্ধশতরানটিও করলেন। হাফ সেঞ্চুরি পেলেন ২৩ বলে। প্রথম শতরানটিও পেতে পারতেন। কিন্তু দলের স্বার্থে আগ্রাসী হতে গিয়ে আউট হলেন নব্বইয়ের ঘরে গিয়ে। একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। মিচেল স্যান্টনার ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। ধোনির ছক্কা দেখে রবি শাস্ত্রী বলে ওঠেন, পয়সা উশুল শট।

সফলতম রশিদ
রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। চলতি আইপিএলে প্রথম উইকেটটি নিলেন মহম্মদ শামি। তিনি চার ওভারে ২৯ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। আলজারি জোসেফ চার ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। জশ লিটল ৪ ওভার বল করেছেন ৪১ রানের বিনিময়ে ১ উইকেট। এদিকে, কেন উইলিয়ামসন বাউন্ডারি লাইনের ধারে ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। এই চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। তবে যন্ত্রণাকাতর অবস্থায় তিনি মাঠ ছাড়েন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications