IPL 2023: আইপিএলের আসর প্রথমবার গুয়াহাটিতে, জয়ের ধারা বজায় রাখতে মরিয়া রাজস্থান-পাঞ্জাব
আইপিএলে রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে দুটি হোম ম্যাচ খেলবে। যার মধ্যে কাল সঞ্জু স্যামনদের প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে রাজস্থান হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে পরাস্ত করেছে পাঞ্জাব।
রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচটি ছিল অ্যাওয়ে, হায়দরাবাদে গিয়ে জেতার পর এখন টানা দুটি হোম ম্যাচ। কাল পাঞ্জাব চ্যালেঞ্জ সামলে শনিবার সামনে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংস জিতেছে নিজেদের ঘরের মাঠেই। তবে যেহেতু গুয়াহাটিতে খেলা ফলে দুই দলই নামবে অচেনা পরিবেশে।

আইপিএলে রাজস্থান ও পাঞ্জাবের দ্বৈরথ হয়েছে ২৪টি। তার মধ্যে রাজস্থান জিতেছে ১৪টি ম্যাচে। ১০টি ম্যাচে জিতেছে পাঞ্জাব। শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য রাজস্থানই জিতেছে চারটিতে। ২০২০-র আইপিএলে রাজস্থান দুটি ম্যাচে জেতে। ২০২১ সালে প্রথম সাক্ষাতে পাঞ্জাব ৪ রানে জিতলেও ফিরতি সাক্ষাতে রয়্যালস জেতে ২ রানে।
গত বছরের আইপিএলে পাঞ্জাব কিংস ৫ উইকেটে ১৮৯ রান তুলেও হেরে গিয়েছিল ২ বল বাকি থাকতে। রাজস্থান রয়্যালস ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। এবারও শক্তির নিরিখে এগিয়ে থেকেই শুরু করবে রাজস্থান। এই প্রথম উত্তর-পূর্ব ভারতে আইপিএলের ম্যাচ হতে চলেছে। লিয়াম লিভিংস্টোন এখনও এসে না পৌঁছলেও পাঞ্জাব কিংস শিবিরে যোগ দিয়েছেন কাগিসো রাবাডা।

রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল নভদীপ সাইনিকে। কিন্তু তিনি ভরসা দিতে পারেনি। কাল পরে বোলিং করলে সন্দীপ শর্মা বা কুলদীপ সেনকে নামানো হতে পারে। রয়্যালস প্রথমে বোলিং করলে প্রথমে বোলিং করলে মুরুগান অশ্বিনও নামতে পারেন।
পাঞ্জাব কিংস লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে ঋষি ধাওয়ানকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে। ভানুকা রাজাপক্ষর পরিবর্ত হিসেবে নেমে তিনি বোলিংও করতে পারবেন। পাঞ্জাব প্রথমে বোলিং করলে তিন বিদেশিকে রেখে ব্যাটিংয়ের সময় রাজাপক্ষকে নামাতে পারে। তবে রাবাডা যে কাল খেলবেন তা নিশ্চিতভাবেই বলা যায়।
রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল। প্রথমে বোলিং করলে সন্দীপ শর্মা বা মুরুগান অশ্বিন থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন দেবদত্ত পাড়িক্কল।

পাঞ্জাব কিংস প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ- প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দর রাজা, স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান বা রাজ বাওয়া, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা। রান তাড়া করার সময় ভানুকা রাজাপক্ষ নামতে পারেন।
গুয়াহাটির উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে। এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। বাউন্ডারি খুব বড়ও নয়, ছোটও নয়, মাঝারি। গরম ও আর্দ্রতা রয়েছে। হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টি হলেও ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications