IPL 2023: আইপিএলে এক বনাম দুইয়ের দ্বৈরথ! জয়পুরে রাজস্থানের রেকর্ড লখনউয়ের বড় চ্যালেঞ্জ
আইপিএলে আজ এক বনাম দুইয়ের লড়াই। জয়পুরে নিজেদের দুর্গে আজ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনরা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে আছেন। রাজস্থানকে হারালে ১ নম্বর দল হওয়ার হাতছানি লোকেশ রাহুলদের সামনে।
পারস্পরিক দ্বৈরথেও লখনউয়ের চেয়ে এগিয়েই রয়েছে রাজস্থান। গত বছরের আইপিএলে রাজস্থান রয়্যালস প্রথম সাক্ষাতের লড়াই জেতে ৩ রানে। ফিরতি সাক্ষাতে জয় এসেছিল ২৪ রানে।

রাজস্থান রয়্যালস নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে। লখনউ সুপার জায়ান্টস আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরছে। ২০২২ সাল থেকে ধরলে এই নিয়ে দ্বিতীয়বার প্রথমে ব্যাট করে হারতে হয়েছে লোকেশ রাহুলের দলকে। দুই দলেরই রয়েছে একাধিক মিল। ওপেনারদের পাশাপাশি মিডল অর্ডারও বেশ শক্তিশালী।
জস বাটলার ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে ভর করে রাজস্থান ঝোড়ো শুরু করতে পারছে। লখনউ সামান্য পিছিয়ে থাকলেও লোকেশ রাহুল ও কাইল মেয়ার্সের ওপেনিং জুটিও ভরসা দিচ্ছে। মনে করা হচ্ছে, এদিনের ম্যাচেও মেয়ার্সই খেলবেন। কুইন্টন ডি ককের অপেক্ষা বাড়তে পারে। নজর থাকবে জস বাটলারের দিকেও।

রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল হতে পাড়িক্কল ও সন্দীপ শর্মার মধ্যে।

লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, আবেশ খান, মার্ক উড। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রদবদল হতে পারে আয়ুষ বাদোনি ও অমিত মিশ্রর মধ্যে।

জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামের উইকেট সাধারণত বোলারদের সহায়তা প্রদান করে। ৪৭টি টি ২০ ম্যাচের কোনওটিতেই দুশো রান কেউ করতে পারেনি। প্রথম ইনিংসে গড় স্কোর ১৫৭। বৃষ্টির পূর্বাভাস নেই। দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলেও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

২০১৯ সালের পর এই প্রথম আইপিএলের আসর বসছে জয়পুরে। রাজস্থান রয়্যালস আগের দুটি হোম ম্যাচ খেলেছিল গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উন্মাদনা রয়েছে। ৪৭টি ম্যাচের মধ্যে রাজস্থান ৩২টিতেই জিতেছে এই স্টেডিয়ামে। ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে লখনউকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications