IPL 2023: ম্যাক্সওয়েল-ফাফ ছাড়া বাকিরা ব্যর্থ, রাজস্থানকে ১৯০ রানের টার্গেট দিল আরসিবি
আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখতে গেলে ২০ ওভারে ১৯০ রান তুলতে হবে রাজস্থান রয়্যালসকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি তুলেছে ৯ উইকেটে ১৮৯ রান।
গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ দু প্লেসি দুরন্ত অর্ধশতরান উপহার দিলেও বাকি ব্যাটাররা ব্যর্থ। যা নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে আরসিবি ম্যানেজমেন্টকে। ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা নিয়েছেন দুটি করে উইকেট।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছিল আরসিবি। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আরও ২টি উইকেট পড়লেও ৯৪ রান ওঠে। যদিও ডেথ ওভারে ঝড় তুলতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। এদিন বিরাট লেগ বিফোর হন বোল্টের প্রথম বলেই। শাহবাজ আহমেদ (৪ বলে ২)-কে তিনে তুলে এনে লাভ হয়নি।

২.১ ওভারে ১২ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল আরসিবির। তৃতীয় উইকেট জুটিতে ম্যাক্সওয়েল ও দু প্লেসি যোগ করেন ১২৭ রান। ম্যাক্সওয়েল ২৭ বলে ও দু প্লেসি ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬২ রান করে রান আউট হন দু প্লেসি। ১৩.২ ওভারে ১৩৯ রানে পড়ে তৃতীয় উইকেট।

ম্যাক্সওয়েলকে ফেরান অশ্বিন। ১৫তম ওভারের শেষ বলে তিনি আউট হলে আরসিবির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৫৬। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৭ রান করেন ম্যাক্সওয়েল। এরপর শেষ পাঁচ ওভারে ওঠে মাত্র ৩৩ রান, তাও আবার পাঁচ উইকেটের বিনিময়ে।

মহীপাল লোমরর ৬ বলে ৮, দীনেশ কার্তিক ১৩ বলে ১৬, সুযজ প্রভুদেশাই শূন্য রানে আউট। ওয়ানিন্দু হাসারঙ্গা ৭ বলে ৬ ও সুযশ প্রভুদেশাই ২ বলে ০ রানে রান আউট। বিজয়কুমার ভাইশাক গোল্ডেন ডাক নিয়ে ফেরেন বিরাটের মতো। তিনি সন্দীপ শর্মার শিকার। ডেভিড উইলি ২ বলে ৪ ও মহম্মদ সিরাজ ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। সন্দীপ শর্মা ২টি উইকেট দখল করেন ৪ ওভারে ৪৯ রান দিয়ে। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৬ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। জেসন হোল্ডার ৪ ওভারে ৩২ রান দেন, উইকেট পাননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications