IPL 2023: সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং রাজস্থান রয়্যালসের, জো রুটের অভিষেক
আইপিএলের ম্যাচে জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে রাজস্থান। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে সানরাইজার্স। অরেঞ্জ আর্মির কাছে সব ম্যাচই ডু অর ডাই।
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদকে ৭২ রানে হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। শেষ পাঁচটি দ্বৈরথে রাজস্থান ৩-২ ব্যবধানে এগিয়ে হায়দরাবাদের চেয়ে। তবে এইডেন মার্করামের দল আজ মরণকামড় দিতে চাইবে। টস জিতে ব্যাটিং নিল রাজস্থান।

দুই দলই শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি করে ম্যাচে পরাস্ত হয়েছে। দুই দলের ব্যাটিং বিভাগেই সমস্যা রয়েছে। তারকারা প্রত্যাশিত ছন্দে নেই। রাজস্থান রয়্যালসের হয়ে আজ প্রথম ম্যাচ খেলবেন জো রুট। তাঁর হাতে দলের টুপি তুলে দেন যশস্বী জয়সওয়াল। এই প্রথম জো রুট আইপিএল খেলবেন।
উমরান মালিক, আবদুল সামাদের পর সানরাইজার্স হায়দরাবাদে অভিষেক হচ্ছে জম্মু ও কাশ্মীরের আরও একজন ক্রিকেটারের। তিনি হলেন বিভ্রান্ত শর্মা। বাঁ হাতে ব্যাটিং করেন, লেগ ব্রেক বোলিংও করতে পারেন। বিজয় হাজারে ট্রফিতে তিনি রাজ্য দলের হয়ে সর্বাধিক রান করেছিলেন।

জয়পুরে আজ যে উইকেটে খেলা হচ্ছে সেখানে শুক্রবার গুজরাতের কাছে হেরেছিলেন সঞ্জু স্যামসনরা। তবে ডিউ ফ্যাক্টর এখন হবে না বুঝে ফের প্রথমে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন। দলের পারফরম্যান্স নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তবে সতীর্থদের সঙ্গে কোথায় কীভাবে উন্নতির প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছেন সঞ্জু।
টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন এইডেন মার্করাম। দুই দলেই বেশ কিছু পরিবর্তন হয়েছেন। কিছু চোটের কারণে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল। হ্যারি ব্রুককে বাদ দিয়েছে অরেঞ্জ আর্মি। তাঁর জায়গায় গ্লেন ফিলিপসকে খেলানো হচ্ছে। সানরাইজার্সের ঘোষিত একাদশে নেই ময়াঙ্ক আগরওয়াল। উমরান মালিককেও রাখা হয়নি।

রাজস্থান দলে নেই দেবদত্ত পাড়িক্কল, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটাররা। তবে জাম্পাকে বোলিংয়ের সময় নামানো হতে পারে। ঠাঁই হয়নি ট্রেন্ট বোল্টের। একাদশে নেওয়া হয়েছে মুরুগান অশ্বিনকে।
রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, মুরুগান অশ্বিন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, আবদুল সামাদ, মার্কো জানসেন, বিভ্রান্ত শর্মা, ময়াঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications