IPL 2023: বিরাটদের আরসিবি কতটা প্রস্তুত প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেতে? পুরো ফিট নন ম্যাক্সওয়েল!
আইপিএল অভিযান শুরুর আগে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে হবে জমকালো আরসিবি আনবক্স ইভেন্ট। এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে হল অব ফেম-এ ভূষিত করা হবে। পুরো দল কালই প্রথম অনুশীলন করবে। থাকবে জেসন দেরুলো, সোনু নিগমদের লাইভ মিউজিক্যাল ইভেন্ট। সমর্থকদের কাছে যা হতে চলেছে বাড়তি প্রাপ্তি।

খেতাব অধরাই আরসিবির
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের ১৫টি সংস্করণে একবারও খেতাব জিততে পারেনি। গত বছর লিগ পর্যায়ে ৮টি ম্যাচ জিতে এবং ৬টিতে হেরে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান দখল করেছিল আরসিবি। রজত পাটীদারের শতরানের সৌজন্যে এলিমিনেটরে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। যদিও কোয়ালিফায়ার ২-তে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন দলকে পরাস্ত করে রাজস্থান রয়্যালস।

ফিটনেস নিয়ে চিন্তা
আরসিবি ইতিমধ্যেই চোট সমস্যায় ভুগছে। গ্লেন ম্যাক্সওয়েলের কভার হিসেবে নেওয়া হয়েছিল ইংল্যান্ডের উইল জ্যাকসকে। তিনি ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে নেওয়া হয়েছে। অনিশ্চিত অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া দলে কামব্যাক করেছেন। যোগ দিয়েছেন আরসিবিতেও। তবে সব ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। ম্যাক্সওয়েল নিজেই স্বীকার করেছেন পুরো ফিট হতে কয়েক মাস লাগবে। গোড়ালিতে চোট রয়েছে রজত পাটীদারের। তিনি প্রথমার্ধে খেলতে পারবেন না। রিহ্যাব চলছে বেঙ্গালুরুর এনসিএতে। তিন সপ্তাহ পর স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করবে তিনি আদৌ এবার আইপিএলে নামতে পারবেন কিনা।

নজর রাখুন
জশ হ্যাজলউডের বিকল্প হিসেবে রিস টপলিকে দলে নিয়েছে আরসিবি। জম্মু ও কাশ্মীরের অবিনাশ সিংও এবারের আইপিএলে নজর কাড়তে পারেন। তিনি ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করতে পারদর্শী বলেই জানা যাচ্ছে। বিরাট কোহলির ফর্মের উপরও অনেকটাই নির্ভর করবে আরসিবির সাফল্য। ফাফ দু প্লেসির সঙ্গে গত মরশুমের মতো এবারও বিরাট ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। শতরানের খরা কাটায় বিরাট খেলতে পারবেন খোলা মনে।

প্রথম একাদশে রদবদল তেমন হবে না
আরসিবির ব্যাটিং বিভাগ সমীহ করার মতো। জোরে বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও রিস টপলে রয়েছেন। হ্যাজলউড না থাকলে বাংলার আকাশ দীপ হতে পারেন ফাফের অন্যতম অস্ত্র। ওয়ানিন্দু হাসারঙ্গা স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদও প্রথম একাদশে থাকবেন। প্রতিবারই শক্তিশালী দল গড়ে আরসিবি। কিন্তু খেতাব আসে না। সেই খরা এবার কাটে সেটা দেখার।

হোম ম্যাচ বেশি শুরুতেই
মে মাসে কর্নাটকে বিধানসভা ভোট। সে কারণে ৭টি হোম ম্যাচের ৬টিই আরসিবিকে খেলে নিতে হবে এপ্রিল মাসে। ফলে টুর্নামেন্টের পরের দিকে হোম গ্রাউন্ডে খেলে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে না। ২০২০ সালে প্লে-অফের আগে টানা চারটি ম্যাচে হেরেছিল আরসিবি। ২০২১ সালে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে প্রথম দুটি ম্যাচে হেরে তারপর প্লে-অফে উঠেছিল। গত আইপিএলে শেষ সাতটি ম্যাচের তিনটিতে জিতেছিল। ফলে সেই চাপ কাটানোর চ্যালেঞ্জ এবারও আরসিবির থাকছে।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২ এপ্রিল চিন্নাস্বামীতে আরসিবির প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর ৬ এপ্রিল প্রথম অ্য়াওয়ে ম্যাচ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, রজত পাটীদার, অনুজ রাওয়াত, আকাশ দীপ, জশ হ্যাজলউড, মহীপাল লোমরর, ফিন অ্যালেন, সুযশ প্রভুদেশাই, করণ শর্মা, সিদ্ধার্থ কৌল, ডেভিড উইলি, রিস টপলি, হিমাংশু শর্মা, মনোজ ভাণ্ডাগে, রাজন কুমার, অবিনাশ সিং, সোনু যাদব, মাইকেল ব্রেসওয়েল।
This video screams Main Character energy 🔥🤩#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 | @imVkohli @ABdeVilliers17 @henrygayle pic.twitter.com/DIIKYKjcSU
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 25, 2023
#RCBUnbox presented by Walkers and Co.
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2023
• First full squad practice
• Hall of Fame induction of ABD and Chris
• Live music acts by Jason Derulo, Sonu Nigam and others
• Immersive RCB experience and more… ✅#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/v5kSDWkSo9












Click it and Unblock the Notifications