রোহিতদের ব্যর্থতা ঢাকলেন তিলক! আরসিবিকে ১৭২ রানের টার্গেট মুম্বইয়ের, আইপিএল থেকে ছিটকে যেতে পারেন টপলি
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানা চতুর্থ জয় ছিনিয়ে নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রয়োজন ১৭২ রান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন ফাফ দু প্লেসি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তিলক বর্মা ৪৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকলেন। দুটি উইকেট নিয়েছেন কর্ণ শর্মা।

শুরু থেকেই বিপর্যয়
পাওয়ারপ্লে-র মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স তিনটি উইকেট হারায়। ২.৩ ওভারে দলগত ১১ রানের মাথায় আউট হন ঈশান কিষাণ। ১৩ বলে ১০ রান করে মহম্মদ সিরাজের বলে হর্ষল প্যাটেলের হাতে ক্যাচ দেন তিনি। ৩.৩ ওভারে ক্যামেরন গ্রিন (৪ বলে ৫)-কে বোল্ড করে দেন রিস টপলি। ১৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ৫.২ ওভারে দলের ২০ রানের মাথায় আউট হন অধিনায়ক রোহিত শর্মা।
|
ব্যর্থ রোহিত-সূর্য
জীবন পেয়েও তার ফায়দা নিতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। আইপিএলে তিনি ০ থেকে ৫ রানের মধ্যে সবচেয়ে বেশি ৫০ বার আউট হলেন। রোহিত ১০ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন। যা নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে সফলতম দলের সফলতম অধিনায়ককে। রোহিত বাংলার আকাশ দীপের বলে কট বিহাইন্ড হন। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ৮.৫ ওভারে দলের ৪৮ রানের মাথায় আউট হন। ১৬ বলে ১৫ রান করে তিনি মাইকেল ব্রেসওয়েলের শিকার।
|
তিলককে সঙ্গত নেহালের
এরপর পঞ্চম উইকেট জুটিতে তিলক বর্মা ও নেহাল ওয়াধেরা ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ১৩.৫ ওভারে ৯৮ রানে মুম্বইয়ের পঞ্চম উইকেট পড়ে। নেহালকে আউট করেন কর্ণ শর্মা। লুধিয়ানার নেহাল ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৩ বলে ২১ রান করেন। কর্ণ এরপর বোল্ড করে দেন টিম ডেভিডকে। ৭ বলে ৪ রান করে ডেভিড ফিরলে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ৬ উইকেটে ১০৫।

লড়াকু অর্ধশতরানে একা কুম্ভ রক্ষা
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান তিলক। তিনি এদিন ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ১৭.১ ওভারে হর্ষল প্যাটেলের বলে হৃতিক সোকিনের ক্যাচ দারুণভাবে ধরেন দু প্লেসি। সোকিন ৩ বলে ৫ রানে আউট হন। মুম্বইয়ের সপ্তম উইকেটটি পড়ে ১২৩ রানে। উইকেট পড়লেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিলক। তিনি ৯টি চার ও চারটি ছয় মেরেছেন। ৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আরশাদ খান।
|
টপলিকে নিয়ে শঙ্কা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে অবশ্য এরই মধ্যে দুঃসংবাদ। রজত পাটীদার, জশ হ্যাজলউড ফিটনেসজনিত কারণে কবে মাঠে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে। এদিন ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন রিস টপলি। ইংল্যান্ডের এই পেসার ৭.৩ ওভারে তিলক বর্মার একটি শট রুখতে গিয়ে ডাইভ দেন। তখনই ডান কাঁধে গুরুতর চোট পান। মাঠের বাইরেও চলে যেতে হয়। এই চোট তাঁকে আইপিএল থেকেও ছিটকে দিতে পারে।

নজর কাড়লেন কর্ণ
শেষ ৫ ওভারে ২ উইকেট হারালেও ৬৯ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কর্ণ শর্মা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন। মহম্মদ সিরাজ, রিস টপলি, আকাশ দীপ, হর্ষল প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল একটি করে উইকেট পান। গ্লেন ম্যাক্সওয়েল ১ ওভারে ১৬ রান দেন। হর্ষল ৪ ওভারে দেন ৪৩, যার মধ্যে শেষ ওভারেই ২২!
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications