IPL 2023: রোহিত শর্মা গড়লেন আইপিএলে লজ্জার রেকর্ড, সবচেয়ে বেশি শূন্যে আউট হয়েছেন কারা?
আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আজ চিপকে ওপেন করতে নামেননি হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করেছিলেন ক্যামেরন গ্রিন ও ঈশান কিষাণ। যদিও ১.৫ ওভারে গ্রিন ফিরতে রোহিত তিন নম্বরে ব্যাট করতে নামেন।
তিন বলের বেশি টিকতে পারেননি। দীপক চাহারের বলে শূন্য রানে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আইপিএলে এই নিয়ে ১৬ বার রোহিত শূন্য রানে আউট হলেন। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক।

মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগের ম্যাচেই রোহিত তিন বলে শূন্য করেই ঋষি ধাওয়ানের শিকার হন। এদিনও সেই তিন বলে শূন্য। চলতি আইপিএলে দ্বিতীয়বার শূন্য রানে আউট হওয়ায় তিনি পিছনে ফেলে দিলেন সুনীল নারিন, মনদীপ সিং ও দীনেশ কার্তিককে।

রোহিত আজ আইপিএলে ২৩৭তম ম্যাচে ২৩২তম ইনিংস খেলতে নেমেছিলেন। খালি হাতে ফেরায় আইপিএলে তাঁর শূন্য রানে আউটের সংখ্যা দাঁড়াল ১৬। কেকেআরের সুনীল নারিন, বিভিন্ন আইপিএল দলে খেলা মনদীপ সিং ও দীনেশ কার্তিকের সঙ্গে রোহিত এক আসনে বসেছিলেন পাঞ্জাব ম্যাচে শূন্য করায়। এই ক্রিকেটারদের আইপিএলে ১৫টি করে ডাক রয়েছে।
বর্তমানে চেন্নাই সুপার কিংসে থাকা অম্বাতি রায়ুডু ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে। ১৩ বার করে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন পীযূষ চাওলা, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, পার্থিব প্যাটেল, অজিঙ্ক রাহানে ও মণীশ পাণ্ডে। রশিদ খান ও গৌতম গম্ভীর ১২ বার করে আইপিএলে শূন্য রানে আউট হয়েছেন।
অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, সঞ্জু স্যামসন, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি আইপিএলে ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন। ক্রিস মরিস, প্রবীণ কুমার, জ্যাক কালিস ও ইউসুফ পাঠান ৯ বার করে শূন্য রানে সাজঘরে ফিরেছেন। সুরেশ রায়না, ক্রিস গেইল, রবীন্দ্র জাদেজা-সহ অনেকেই ৮ বার করে শূন্যে আউট হন।

এদিকে, চেন্নাই সুপার কিংস টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিল। মুম্বই চিপকে ২০১১ সাল থেকে চেন্নাইয়ের কাছে কখনও হারেনি। তবে আজ বড় রান তোলা কঠিন। গ্রিন ৬, ঈশান কিষাণ ৭, রোহিত ০, সূর্যকুমার যাদব ২৬ রানে আউট হয়েছেন। ১০.৩ ওভারে ৬৯ রানে চার উইকেট পড়ে মুম্বইয়ের।
নেহাল ওয়াধেরা ও ট্রিস্টান স্টাবস অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন। দীপক চাহার দুটি এবং তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। প্রথম ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ৩ উইকেটে ৩৪। ১৫ ওভারের শেষে স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৪ উইকেটে ৯৩ রান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications