দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে মাঠে থাকবেন ঋষভ পন্থ, পৃথ্বী ও সরফরাজের পাশে দাঁড়ালেন সৌরভ
আইপিএলে নিজেদের মাঠে প্রথম ম্যাচে নামার আগে দিল্লি ক্যাপিটালস শিবিরে সুখবর। দলকে সমর্থন করতে মাঠে হাজির থাকবেন ঋষভ পন্থ। লখনউয়ে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে প্রথম ম্যাচে পরাস্ত হয়েছিল দিল্লি ক্যাপিটালস। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে দলকে চাপমুক্ত রাখছেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

অক্ষরের ব্য়াটিংয়ে আস্থা
দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাটিং অর্ডারে তাঁকে উপর দিকেই খেলানো হবে বলে জানিয়েছেন সৌরভ। আজ দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, অক্ষরের ব্যাটিংয়ের উন্নতি হয়েছে। তাঁকে উপরের দিকেই খেলানো হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কঠিন উইকেটে ভালো ব্যাটিং করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়েও তিনি রান পাবেন বলে আশা রাখি।

বোলিংয়ে উন্নতির প্রয়োজন
কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণরা আগের ম্যাচে অক্ষরের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন। সৌরভ বলেন, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ছন্দে থাকলে তাঁদের শান্ত রাখা কঠিন। মেয়ার্স, পুরাণ, রাসেল, পাওয়েলরা টি ২০-তে বড় বড় শট মারতে পারদর্শী। এটা ঠিক, অক্ষরকে সঠিক লাইনে বল করতে হবে। টি ২০ বেশিরভাগই পাটা উইকেটে খেলা হয়। নতুন বলেও বোলিং করতে হয় স্পিনারদের। সেখানে বুদ্ধি করে পরিস্থিতি অনুযায়ী বোলিং করাটা জরুরি। সৌরভের আশা, ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন প্যাটেল।

পৃথ্বীর পাশে সৌরভ
পেসারদের বিরুদ্ধে ব্যাটিং দুর্বলতা ধরা পড়ছে পৃথ্বী শ-র। সৌরভ তাঁর পাশে থাকার বার্তা দিয়ে বলেন, প্রত্যেককেই ফাস্ট বোলিং খেলা শিখতে হবে। পৃথ্বী ফাস্ট বোলারদের বিরুদ্ধে রানও করেছেন। তবে একটা বলে তিনি আউট হয়ে গিয়েছেন। মিচেল মার্শ তো কেরিয়ারে বেশিরভাগই ফাস্ট বোলিং সামলেছেন, তিনিও তো আগের দিন আউট হয়েছেন উডের বলে। খেলাধুলোয় এটা হয়েই থাকে। উডকে কৃতিত্ব দিতেই হবে। ভুলে গেলে চলবে না এই ব্যাটাররাই অস্ট্রেলিয়ায় সাফল্য পেয়েছেন।

সরফরাজকে সুযোগ
উইকেটকিপার হিসেবে অভিষেক পোড়েল থাকলেও সরফরাজ খানকে সুযোগ দিতে চাইছে দিল্লি। সৌরভের কথায়, বেশিরভাগ দলই সেই উইকেটকিপার খেলাতে চাইছে যাঁরা ব্যাটিং ভালো করতে পারেন। এটা এখন অলরাউন্ডার পজিশন। সরফরাজ বিজয় হাজারে ট্রফিতে কিপিং করেছেন। পন্থ নেই। ফলে সরফরাজ ভালো উইকেটকিপার-ব্যাটার। একটা ম্যাচে পারফরম্যান্স দিয়ে তাঁকে বিচার করাটা ঠিক নয়। আমি অধিনায়ক থাকাকালীন রাহুল দ্রাবিড়কে দিয়ে কিপিং করাতাম। সেই ধারা চলছে। এতে ব্যাটিং অপশনও বাড়ে।
|
প্রোটিয়া পেসারদের আগমন
সৌরভ জানিয়েছেন, কালকের ম্যাচে খেলার জন্য এসে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি। তবে তাতে ভারতীয় পেসারদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মনে করেন সৌরভ। তিনি বলেন, খলিল আহমেদ ও মুকেশ কুমার ভালো বল করেছেন। চেতন সাকারিয়া প্রথম ২ ওভারে ভালো বল করেছেন। শেষ দুটি ওভারে রান দিয়ে ফেলেছেন, টি ২০-তে এটা হতেই পারে।

মাঠে থাকবেন ঋষভ
আগের ম্যাচে ডাগআউটে ঋষভের জার্সি রেখেছিল দিল্লি। কাল তিনি মাঠে থাকবেন। সৌরভ বলেন, আমরা ঋষভকে মিস করব। তবে তাঁর সেরে ওঠাটা জরুরি। জসপ্রীত বুমরাহ, ঋষভ. শ্রেয়স আইয়ারদের উপযুক্ত বিকল্প পাওয়া যায় না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। কেন না, সেরারা সব দলে ভাগ হয়ে রয়েছেন। সৌরভ বলেন, ধোনি ছাড়ার পর ঋষভ সেরা কিপার হয়ে উঠে এসেছেন। তাঁর অনুপস্থিতি বাকিদের প্রমাণের সুযোগ। শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের প্রশংসাও করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications