IPL 2023: রিঙ্কু সিংকে ভারতীয় দলে চান হরভজন, কোন গুণে মুগ্ধ রবি শাস্ত্রী?
ইডেনে আজ চলতি আইপিএলের শেষ ম্যাচটি খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। শেষ ম্যাচ এই কারণেই যে, প্লে-অফে ১৪ পয়েন্ট নিয়ে যেতে নেট রান রেট যেখানে রাখার দরকার, ক্রিকেটীয় দ্বৈরথে তা কার্যত অসম্ভবের পর্যায়ে।
১৩ ম্যাচে ১২ পয়েন্ট কেকেআরের, নেট রান রেট -০.২৫৬। রাজস্থান রয়্যালসকে নেট রান রেটে টেক্কা দিতে গেলে কেকেআরকে আজ ১৮০ রান তুলে লখনউয়ের বিরুদ্ধে জিততে হবে ১০২ রানে। আরসিবি আর মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের শেষ ম্যাচ জিতলে তো আর কোনও চান্সই থাকবে না।

কেকেআরের এবারের মরশুমে সবচেয়ে বড় প্রাপ্তি রিঙ্কু সিং। ম্যাচ জিতিয়েছেন, বিপর্যয় সামলে ঝোড়ো ব্যাটিংয়ে মোড়ও ঘুরিয়েছেন। চলতি আইপিএলে ১৩টি ম্যাচে রিঙ্কুর রান ৪০৭। স্ট্রাইক রেট ১৪৩.৩১, গড় ৫০.৮৮। আমেদাবাদে গুজরাত টাইটান্সের যশ দয়ালের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে যেভাবে কেকেআরকে জেতান, তা মনে গেঁথে রয়েছে সকলের।
চলতি বছর ভারত দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে। সামনের বছর রয়েছে টি ২০ বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে কারা খেলবেন তা প্রায় চূড়ান্ত। তবে এটাও মথায় রাখতে হবে, চোটের কারণে যে কোনও সময় যে কেউ ছিটকে যেতে পারেন। ফলে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, তিলক বর্মাদের তৈরি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

আন্দ্রে রাসেলের নামে যেমন আগে নিয়মিত জয়ধ্বনি দিয়ে থাকেন কেকেআর ভক্তরা, এখন তাঁরা রিঙ্কুর জন্যও গলা ফাটান। এই বিষয়টি তাঁর ভালো লাগে বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। নাইট অধিনায়কের পরামর্শ মাথায় রেখে রিঙ্কু যেভাবে নিজেকে মেলে ধরছেন, তাতে তাঁর পারফরম্যান্সে খুশি রবি শাস্ত্রী, হরভজন সিংরা।

হরভজন সিং স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেন, রাসেল নন। রিঙ্কুই এখন কেকেআরের এক্স ফ্যাক্টর। রাসেল-যুগ শেষ। এখন রিঙ্কুর সময়। রিঙ্কুকে যখনই খেলানো হয় তিনি নিজের ভূমিকা সাফল্যের সঙ্গেই পালন করে থাকেন। তাঁর আলাদা রকমের দক্ষতা রয়েছে। আমি আশাবাদী দ্রুতই তাঁর মাথায় ভারতীয় দলের টুপি দেখা যাবে।

চাপ সামলে যেভাবে রিঙ্কু খেলেন তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, রিঙ্কু কেকেআরের হিরো। তাঁর টেম্পারামেন্ট খুবই ভালো। কঠিন পরিস্থিতিতেও স্বস্তির সঙ্গেই খেলেন। খুবই লড়াকু সৈনিক। ক্লোজ ম্যাচ পছন্দ করেন। কঠিন সময়ে তাঁর পারফরম্যান্স বাকিদের চেয়ে তাঁকে আলাদা করেছে, অভিমত শাস্ত্রীর।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications