IPL 2023: আইপিএল অভিষেকে চমক বিশাখের, আরসিবি জেতায় দিল্লির বিদায় ঘণ্টা বাজল
আইপিএল থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। টানা পাঁচটি ম্যাচে পরাস্ত ডেভিড ওয়ার্নারের দল। অন্যদিকে, টানা ২টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার চেন্নাই ম্যাচের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল।
জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি আরসিবি জিতল ২৩ রানে। অভিষেক ম্যাচে চার ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন পেসার বিজয়কুমার বিশাখ।

টসের সময় ফিল্ডিং নিয়ে ডেভিড ওয়ার্নার বলেছিলেন, পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট নেওয়া লক্ষ্য। আর নিজেদের ব্যাটিংয়ের সময় এই সময়কালে উইকেট ধরে রাখতে চান। বাস্তবে তা হয়নি। প্রথম ৬ ওভারেই চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। ৬ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৩২।
পৃথ্বী শ ও মিচেল মার্শ শূন্য করে সাজঘরে ফেরেন। যশ ঢুল ৪ বলে ১ রান করেন। ডেভিড ওয়ার্নার ১৩ বলে ১৯ রান করে বিশাখের প্রথম শিকার। অভিষেক পোড়েল ৮ বলে ৫, অক্ষর প্যাটেল ১৪ বলে ২১ রান করেন। মণীশ পাণ্ডে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৫০ রান করলেন।

১৪ ওভারের শেষে ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৮। ললিত যাদব আউট হন ১৫.৫ ওভারে ১১০ রানের মাথায়। ললিত ৭ বলে চার রান করেন। বিশাখ ওয়ার্নারকে ছাড়াও অক্ষর ও ললিতকে প্যাভিলিয়নে ফেরান। ১৭.৩ ওভারে আমন হাকিম খান (১০ বলে ১৮) সিরাজের শিকার। দিল্লির নবম উইকেটের পতন ১২৮ রানে।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল। ১৪ বলে ২৩ রানে আনরিখ নরকিয়া এবং ৬ বলে ৭ রানে কুলদীপ যাদব অপরাজিত থাকেন। এখনও ঘুরে দাঁড়ানোর আশা ছা়ড়ছেন না ওয়ার্নার। প্রথম দিকে ২-৩ ওভারে দ্রুত উইকেট হারানোতেই হারতে হচ্ছে বলে আক্ষেপ তাঁর।

ওয়ার্নার অবশ্য দলের বোলিং ও ফিল্ডিং বিভাগের উন্নতিতে খুশি। তবে পৃথ্বী শ যেভাবে রান আউট হলেন ঠারেঠোরে বুঝিয়ে দিলেন এই ফরম্যাটে এই ধরনের আউট দলকে সমস্যাতেই ফেলে। আরসিবির বোলিংয়ের প্রশংসা করলেও ওয়ার্নার মনে করছেন, একটা ভালো পার্টনারশিপ হলেই ২৩ রানে হারতে হতো না।

বিশাখের পাশাপাশি বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। ওয়েন পার্নেল ৪ ওভারে ২৮, ওয়ানিন্দু হাসারঙ্গা ৩ ওভারে ৩৭ ও হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি করে উইকেট পান। শাহবাজ আহমেদ ১ ওভারে ১১ রান দেন।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তোলে। বিরাট কোহলি ৫০, মহীপাল লোমরর ২৬, ফাফ দু প্লেসি ২২, গ্লেন ম্যাক্সওয়েল ২৪ রান করেন। শাহবাজ আহমেদ ১২ বলে ২০ ও অনুজ রাওয়াত ২২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। মিচেল মার্শ ও কুলদীপ যাদব ২টি করে এবং অক্ষর প্যাটেল ও ললিত যাদব ১টি করে উইকেট নেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications