IPL 2023: বিরাট-ফাফ-ম্যাক্সওয়েলরা অভিনব কায়দায় অনুশীলনে! আরসিবির বিরল সৌজন্যে আপ্লুত গেইল-এবিডি
আইপিএলের ম্যাচের আগেই জমজমাট বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। ২০১৯ সালের পর ফের এবার নিজেদের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কর্নাটকের ভোটের কারণে এপ্রিলেই বেশিরভাগ হোম ম্যাচ। তার আগে দৃষ্টান্ত স্থাপন করে অভিনব কায়দায় অনুশীলন শুরু করল আরসিবি।

আরসিবি আনবক্স
চিন্নাস্বামীতে এদিন আয়োজন করা হয়েছিল আরসিবি আনবক্স ইভেন্ট। ৩০ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে এসেছিলেন প্রিয় দলের হয়ে গলা ফাটাতে। আজই পুরো দল অনুশীলন শুরু করল। স্বাভাবিকভাবেই বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা ছিল বেশি। সমর্থকদের সঙ্গে ছবি তুলতে ও অটোগ্রাফ দিতে দেখা গেল অধিনায়ক ফাফ দু প্লেসিকে। বিরাট কোহলির সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের কথোপকথন নজর কাড়ল ভক্তদের।

অভিনব উদ্যোগ
স্রেফ অনুশীলন দেখার জন্য যে এমন আয়োজন তা কিন্তু নয়। তবে এটাও ঠিক, প্র্যাকটিস ঘিরে এমন উন্মাদনার ছবি নজিরবিহীন। বিশেষ করে যেখানে আরসিবি একবারও আইপিএল জেতেনি। বিরাট কোহলি চেনা ছন্দেই নেট প্র্যাকটিস করলেন। সতীর্থ বোলারদের পরামর্শ দিতেও দেখা গেল। বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু দেখতেও সমর্থকদের উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।

বিরল দৃষ্টান্ত
চিন্নাস্বামীতে হাজির ছিলেন এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। তাঁদের জার্সি নম্বর সংরক্ষিত করা হলো আরসিবির তরফে। এই জার্সি নম্বর আর কেউ ব্যবহার করতে পারবেন না। দলের প্রতি তাঁদের অবদানকে এভাবে স্বীকৃতি দেওয়া হলো। দুই কিংবদন্তি জার্সিতে সই করলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় আরসিবির হয়ে তাঁদের নানা স্মরণীয় মুহূর্তের ছবি। ফ্যানেদের জন্য এই দুই ক্রিকেটারের বিশেষ এডিশনের টি শার্ট বাজারে আনছে আরসিবি।

গেইল জোকার!
ইউনিভার্স বস ক্রিস গেইল বলেন, চিন্নাস্বামীতে আমার অনেক সুখস্মৃতি রয়েছে। অবশ্যই ১৭৫ রান করার কথা মনে থাকবে। মজা করে গেইল বলেন, আমি ফের আরসিবির হয়ে খেলার জন্য তৈরি। তখন ডি ভিলিয়ার্স বলেন, এমনিতেই আরসিবি দল যথেষ্ট শক্তিশালী। আমরা এই দলে আর ঢুকতে পারব না। বিরাট কোহলি বলেন, বেঙ্গালুরুতে ফের এসে ভালো লাগছে। জার্সি সংরক্ষিত করে রাখা দারুণ সম্মানের। দুটো আলাদা দেশের মানুষ হয়েও তাঁদের ভালোবাসা কতটা। এ সব খেলার ঊর্ধ্বে। গেইলকে ড্রেসিংরুমে জোকার বলে ডাকার কথাও উল্লেখ করলেন বিরাট।

নতুন জার্সি
এদিনের অনুষ্ঠানে আরসিবির নতুন জার্সি উন্মোচন করেন বিরাট কোহলি ও ফাফ দু প্লেসি। পরে দলের সকলেই মঞ্চে উঠে তাঁদের সঙ্গে যোগ দেন। দর্শকদের অভিবাদনও গ্রহণ করে গোটা দল। রজত পাটীদার আরসিবি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে আইপিএলে প্রথমার্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। পরের দিকে নামতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়।

গিটার হাতে হর্ষল
আরসিবি আনবক্স অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের দিয়ে সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই সময় দলের নির্ভরযোগ্য পেসার হর্ষল প্যাটেলকে গিটার বাজাতে দেখা যায়। হর্ষলের কথায়, আমার জীবনে এই ধরনের অভিজ্ঞতা এই প্রথম। এই প্রথম এমন পরিবেশের সাক্ষী হলাম।












Click it and Unblock the Notifications