IPL 2023: ডেভন কনওয়ে ও শিবম দুবের অর্ধশতরান, আরসিবিকে ২২৭ রানের টার্গেট দিল সিএসকে
আইপিএলে দক্ষিণ ভারতীয় ডার্বিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যমাত্রা দিল চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে শতরানের আশা জাগিয়েও ফিরলেন হর্ষল প্যাটেলের দুরন্ত ইয়র্কারে।
কনওয়ে চলতি আইপিএলে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি পেলেন। তাঁর সঙ্গেই ঝোড়ো অর্ধশতরান করলেন শিবম দুবে। ২০ ওভারে সিএসকে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে। একটি উইকেট পেলেও ৪ ওভারে ৬২ রান দিলেন বিজয়কুমার ভিশাক।

চেন্নাই সুপার কিংসের শুরুটা খুব ভালো হয়নি। ২.২ ওভারে ১৬ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। ৬ বলে তিনি ৩ রান করেন। এরপর পরিস্থিতি সামাল দেন অজিঙ্ক রাহানে ও ডেভন কনওয়ে। এদিনও আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন রাহানে। প্রথম ৬ ওভারে সিএসকে তোলে ১ উইকেটে ৫৩।

ষষ্ঠ ওভারের শেষ বলে ৫০ রান পূর্ণ করার পর ১০০ রানে চেন্নাই পৌঁছয় ১০.৪ ওভারে। ১৪.৩ ওভারে ১৫০ ও ১৮তম ওভারের শেষ বলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে ফেলে সিএসকে। ৯.৩ ওভারে ৯০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে রাহানে ২০ বলে ৩৭ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে বোল্ড হয়ে যান।

তৃতীয় উইকেট জুটিতে কনওয়ে ও শিবম যোগ করেন ৮০ রান। ১৫.৪ ওভারে ডেভন কনওয়ের উইকেট পড়ে দলের ১৭০ রানে। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সমর্থকরা অপেক্ষায় ছিলেন প্রথম শতরানের। কিন্তু ৬টি করে চার ও ছয়ের সাহায্যে ৪৫ বলে ৮৩ রান করে তিনি বোল্ড হন। গত বছরের আইপিএলে তিনি ৮৭ রান করেছিলেন। এদিন সেটা টপকাতে পারলেন না।

২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে শিবম দুবে করেন ২৭ বলে ৫২। তিনি ওয়েন পার্নেলের শিকার। শিবম ফিরলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭৮। অম্বাতি রায়ুডু করেন ৬ বলে ১৪। ১৭.৪ ওভারে রায়ুডু দলের ১৯৮ রানের মাথায় ভিশাকের বলে কট বিহাইন্ড হন।
শেষ ওভারে কোমর উচ্চতার সমান দুটি বল করেন হর্ষল প্যাটেল। ফলে তিনি আর শেষ চারটি বল করতে পারেননি। বল করতে যান গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই লং অন দিয়ে বিরাট ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। পরের বল ওয়াইড। তার পরের বলে জাদেজা ৮ বলে ১০ রান করে আউট হন।

মহেন্দ্র সিং ধোনি নামেন শেষ ২ বল খেলার জন্য। পঞ্চম বলে ১ রান দেন ধোনি। মঈন আলি ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। তিনি দুটি ছয় মেরেছেন। মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, বিজয়কুমার ভিশাক, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল ১টি করে উইকেট পেয়েছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications