IPL 2023: গুরবাজের গড়া ভিতে শার্দুল-রিঙ্কুর দাদাগিরি, আরসিবিকে ২০৫ রানের টার্গেট দিল কেকেআর
আইপিএলে ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জেতার জন্য ২০৫ রানের টার্গেট রাখল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি কেকেআরকে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে ৭ উইকেট ২০৪ হারিয়ে রান তুলেছে নীতীশ রানার দল।
নাইটদের হয়ে দুরন্ত অর্ধশতরান করলেন রহমানুল্লাহ গুরবাজ। যদিও শততম আইপিএল ম্যাচে ফ্লপ আন্দ্রে রাসেল ফিরলেন গোল্ডেন ডাক নিয়ে। ভেঙ্কটেশ আইয়ার ও মনদীপ সিংকে পরপর দুই বলে বোল্ড করেন ডেভিড উইলি। গুরবাজ ও রাসেল পরপর দুই বলে কর্ণ শর্মার শিকার।

১১.৩ ওভারে ৮৯ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। এরপর হাল ধরেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং। ষষ্ঠ উইকেট জুটিতে তাঁরা ৫০ রান যোগ করে ফেলেন মাত্র ২১ বলে।
নাইটদের হয়ে আজ গুরবাজের সঙ্গে ওপেন করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলের ২৬ রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেরেন। ৭ বলে ৩ রান করে ক্লিন বোল্ড হন। ফুটওয়ার্ক জঘন্য। মনদীপ সিং তিনে নেমে প্রথম বলেই বোল্ড। ২৬ রানে দুই উইকেট পড়ে।

পাওয়ারপ্লে-র ৬ ওভারে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৪৭। সপ্তম ওভারের প্রথম বলেই নাইট অধিনায়ক নীতীশ রানা কট বিহাইন্ড হন। আম্পায়ার ভিকে শর্মা প্রথমে আউট দেননি। আরসিবি রিভিউ নেয়। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন মাইকেল ব্রেসওয়েলের শিকার হয়ে।
দ্বাদশ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে গুরবাজ ও রাসেল আউট হন। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার গুরবাজ প্রথম ম্যাচে ১৬ বলে ২২ রান করেছিলেন। এদিন ৩৮ বলে তিনি আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে গুরবাজ ৪৪ বলে ৫৭ রান করেন। গুরবাজকে ফেরানোর পরের বলেই রাসেলের উইকেট তুলে নেন কর্ণ। রাসেলের ক্যাচ ধরেন বিরাট কোহলি।

এরপর কেকেআরকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিং। লর্ড শার্দুলকে এবারই কেকেআর দলে নিয়েছে। দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে ভরসা দিলেন শার্দুল। তিনি ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৪৫ বলে শতরানের পার্টনারশিপ গড়েন রিঙ্কু ও শার্দুল। রিঙ্কু ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪৬ রান করেন। তিনি হর্ষল প্যাটেলের বলে কট বিহাইন্ড হন।
৮৯ রানে পঞ্চম উইকেট পড়েছিল। রিঙ্কু আউট হন দলের ১৯২ রানের মাথায়। ষষ্ঠ উইকেট জুটিতে ওঠে ১০৩ রান। শার্দুল শেষ ওভারে আউট হন। ১৯.৪ ওভারে ১৯৮ রানে পড়ে কেকেআরের সপ্তম উইকেট। ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬৮ রান করে মহম্মদ সিরাজের শিকার শার্দুল।

কেকেআর ১২.২ ওভারে ১০০ রান তুলেছিল। ২০০ রান আসে ১৯.৫ ওভারে। উমেশ যাদব ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন। ডেভিড উইলি এদিন রিস টপলির জায়গায় আরসিবি দলে আসেন। ১টি মেডেন-সহ ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। কর্ণ শর্মা ৩ ওভারে ২৬ রান খরচ করে নেন ২ উইকেট। মাইকেল ব্রেসওয়েল ৩ ওভারে ৩৪ রান দিয়ে, মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪৪ রান দিয়ে এবং হর্ষল প্যাটেল ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন। আকাশ দীপ ২ ওভারে ৩০ ও শাহবাজ আহমেদ ১ ওভারে ৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।
নাইটদের হোম ম্যাচে এদিন উপস্থিত রয়েছেন কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলা। টসের পরই মাঠে ঢোকেন কিং খান। দর্শকদের দিতে হাত নাড়েন। বি ব্লকের উপরে কর্পোরেট বক্সের সামনে দাঁড়িয়ে শাহরুখ, জুহি, জয় মেহতারা খেলা দেখেন। ছিলেন ঊষা উত্থুপ। মাঠে আসার আগে টিম বাসে নাইটদের শুভেচ্ছা জানান জুহি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications