IPL 2023: আরসিবিকে ২০১ রানের টার্গেট দিল কেকেআর, জেসন-নীতীশের পর ঝড় রিঙ্কুর
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে করতে হবে রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে কেকেআর।
জেসন রয় চলতি আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করলেন। নীতীশ রানা ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। বিজয়কুমার ভাইশাক (Vijaykumar Vyshak) ও ওয়ানিন্দু হাসারঙ্গা দুটি করে উইকেট নেন।

কেকেআর প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে। ৫.৩ ওভারে ৫০, ১১.৪ ওভারে ১০০ ও ১৬ ওভারে ১৫০ রান পূর্ণ হয়। ওপেনিং জুটিতে ওঠে ৮৩ রান। স্কোরবোর্ডে ৮৮ রান ওঠার ফাঁকে দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরত যান। দশম ওভারের দ্বিতীয় বলে নারায়ণ জগদীশান (২৯ বলে ২৭) ও শেষ বলে জেসন রয় (২৯ বলে ৫৬) বিজয়কুমার ভাইশাকের শিকার।

এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন নীতীশ রানা ও ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশের চেয়েও বেশি আগ্রাসী মেজাজে ছিলেন নাইট অধিনায়ক। কেকেআর ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট খুইয়ে ৬৫ রান যোগ করে। এই সময়কালে রান রেটটা কমাতে সক্ষম হন আরসিবি বোলাররা।

ষোড়শ ওভারটি করতে যান হর্ষল প্যাটেল। শেষ দুটি বলে দুটি ছক্কা মারেন নীতীশ। এই ওভারে ওঠে ১৯ রান। ১৭তম ওভারে ভাইশাক প্রথম তিন বলে তিন রান দিলেও শেষ তিন বলে ১৪ রান দিয়ে বসেন। ১৮তম ওভারের দ্বিতীয় বলে নীতীশ রানার উইকেটটি নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। কেকেআর অধিনায়ক তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ২১ বলে ৪৮।
এই ওভারের চতুর্থ বলে ভেঙ্কটেশ আইয়ারকে আউট করে দেন হাসারঙ্গা। তিনটি চারের সাহায্যে ২৬ বলে ৩১ করেন আইয়ার। ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে রিঙ্কু সিং ১৫ রান তোলেন। শেষ বলে আন্দ্রে রাসেল (২ বলে ১)-কে বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ডেভিড উইসে ৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

হাসারঙ্গা ৪ ওভারে ২৪ ও ভাইশাক ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। সিরাজ ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১টি উইকেট নেন। ১৪টি উইকেট নিয়ে তিনি বেগুনি টুপির মালিক হলেন। তাঁর ইকনমি রশিদ খানের চেয়ে ভালো। ডেভিড উইলি ৩ ওভারে ৩১, শাহবাজ আহমেদ ১ ওভারে ২৫ ও হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications