IPL 2023: রাজস্থানকে হারাল আরসিবি, সবুজ জার্সিতে টানা দ্বিতীয় জয়! হর্ষলের ৩ উইকেট
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির নেতৃত্বে টানা দ্বিতীয় ম্যাচ জিতল আরসিবি। পরপর দুই বছর সবুজ জার্সি পরে খেলা গ্রিন গেম জয় বিরাট কোহলিদের।
রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হর্ষল প্যাটেল নিলেন ৩ উইকেট। হেরে গেলেও ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটের সৌজন্যে শীর্ষে রাজস্থান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচে আরসিবি।

রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার ছিল ১৯০ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বেশি এগোতে পারেনি সঞ্জু স্যামসনের দল। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৪৭। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে রাজস্থান আরও ২টি উইকেট হারায়, ওঠে ৭৪ রান। শেষ পাঁচ ওভারে ৩ উইকেট খুইয়ে তোলে ৬১।

অন্যদিকে, আরসিবি ৬ ওভারে তোলে ২ উইকেটে ৬২। ৭ থেকে ১৫ ওভারে ২ উইকেট খুইয়ে তোলে ৯৪। শেষ পাঁচ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৩। ফলে পাওয়ারপ্লে-র ওভার আর মাঝের ওভারগুলিই ফারাক গড়ল ম্যাচের ফলাফল নির্ধারণে।

জস বাটলারকে এদিন প্রথম ওভারেই বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। বাটলার ২ বলে শূন্য রানে ফেরেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে সর্বাধিক ৫২ রান করেন দেবদত্ত পাড়িক্কল। ৩৭ বলে ৪৭ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ধ্রুব জুরেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকে যান।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ১৫ বলে ২২ রান করেন। শিমরন হেটমায়ার ৯ বলে ৩, রবিচন্দ্রন অশ্বিন ৬ বলে ১২ রান করেন। ইমপ্যাক্ট প্লেয়ার আবদুল বাসিথ ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩৯ ও ডেভিড উইলি ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নেন। বিজয়কুমার ভাইশাক ২ ওভারে ২৪, গ্লেন ম্যাক্সওয়েল ২ ওভারে ২৫ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

এর আগে, চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। বিরাট কোহলি প্রথম বলেই আউট হন। ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ ও দু প্লেসি ৩৯ বলে ৬২ রান করেন। ১৩ বলে ১৬ দীনেশ কার্তিকের। বাকিরা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ফলে জিতলেও ব্যাটিং নিয়ে চিন্তা থাকল আরসিবির।
ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের। গত বছরও সবুজ জার্সি পরে খেলতে নেমে বিরাট কোহলি গোল্ডেন ডাক নিয়ে ফিরেছিলেন। কিন্তু শেষ অবধি সানরাইজার্সকে হারায় আরসিবি। এবারও গ্রিন গেমে তারই পুনরাবৃত্তি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications