আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত-মুম্বই দ্বৈরথ! কোন ফ্যাক্টরে কারা এগিয়ে?
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের পারস্পরিক দ্বৈরথে মুম্বই এগিয়ে ২-১ ব্যবধানে। চলতি আইপিএলে দুই দল একে অপরের বিরুদ্ধে হোম ম্যাচে জিতেছে।
প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে পরাস্ত হয়েছিল গুজরাত টাইটান্স। গতকাল লখনউ সুপার জায়ান্টসকে এলিমিনেটরে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মার দল। কালকের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দুই দলের সর্বশেষ সাক্ষাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের শতরানে ভর করে ৫ উইকেটে ২১৮ তুলেছিল মুম্বই। আকাশ মাধওয়াল ও স্পিনাররা এরপর গুজরাতকে ৮ উইকেটে ১৯১ রানের বেশি এগোতে দেননি। রশিদ খান অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন।
প্রথম সাক্ষাতে শুভমান গিলের অর্ধশতরান এবং ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে গুজরাত টাইটান্স ৬ উইকেটে ২০৭ রান তোলে। এরপর রশিদ খান ও নূর আহমেদের দাপুটে বোলিংয়ে মুম্বই ৯ উইকেটে ১৫২ রানে আটকে যায়। তবে লিগ পর্বের লড়াই আর ফাইনালে ওঠার লড়াইয়ে আকাশ-পাতাল ফারাক।

ইরফান পাঠান স্টার স্পোর্টসে বলেন, রোহিতের অধিনায়কত্বেই মুম্বই ইন্ডিয়ান্সকে এই পর্যায়ে এসেছে। জসপ্রীত বুমরাহর ছিটকে যাওয়া, জোফ্রা আর্চারের ফর্ম ও ফিটনেস প্রথমে সমস্যা তৈরি করে। কিন্তু রোহিত দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে প্রথমে এলিমিনেটরে জিতিয়ে কোয়ালিফায়ারে নিয়ে গিয়েছেন।
রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করেছেন হরভজন সিং। তিনি স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেন, রোহিত খুব শান্ত স্বভাবের অধিনায়ক। দলের যে কোনও তরুণ ক্রিকেটার যে কোনও সময় অধিনায়কের কাছে যেতে পারেন। আনক্যাপড প্লেয়ারদের সঙ্গে বেশি সময় কাটাতে ভালোবাসেন রোহিত।

ভাজ্জি আরও বলেন, রোহিত কখনও সাফল্যের কথা নিজের মাথায় রেখে ঘোরেন না। তিনি খুবই নম্র স্বভাবের। সিনিয়রদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে থাকেন। সেটাই তাঁকে গ্রেট প্লেয়ার করে তুলেছে। রোহিত শর্মার পাশাপাশি গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামির প্রশংসাও করেছেন হরভজন।
হরভজন বলেন, মহম্মদ শামির মতো বোলারকে সব দলই পেতে পছন্দ করবে। নতুন বলে খুব ভালো বল করেনষ ডেথ ওভারে দ্রুত ইয়র্কারে সমস্যায় ফেলে থাকেন ব্যাটারদের। সিম পজিশন দুর্দান্ত। ফলে যখন বল স্যুইং করে তখন শামিকে খেলা কার্যত অসম্ভব। হরভজনের পাশাপাশি অ্যারন ফিঞ্চ রশিদ খানের প্রশংসা করেছেন।

ভাজ্জি বলেন, রশিদ প্রচুর উইকেট নিচ্ছেন। ব্যাট হাতে রান করছেন। অসাধারণ ফিল্ডার। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে তিনি গুজরাত টাইটান্সকে নেতৃত্বও দিয়েছেন। সব কিছুই দরুণ পারদর্শিতা সহকারে করেছেন। তাঁর মতো প্লেয়ারকে পেয়ে গুজরাত সত্যিই ভাগ্যবান।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথায়, রশিদ খানের মতো বিশ্বমানের বোলার থাকাতেই গুজরাত টাইটান্স অত্যন্ত শক্তিশালী দলে পরিণত হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার মতো ভালো অধিনায়ক রয়েছেন। যিনি অনেক পরিণত। জোরে বোলারদের মধ্যে যে ভারসাম্য রয়েছে সেটাও টাইটান্সের সাফল্যের অন্যতম কারণ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications