IPL 2023: প্রথম কোয়ালিফায়ারে গুজরাত-চেন্নাই দ্বৈরথ, ধোনিদের নজির স্পর্শের মুখে হার্দিকরা
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কাল চেন্নাইয়ের চিপকে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
গুজরাত টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেই প্লে-অফে গিয়েছে। চেন্নাই সুপার কিংস প্লে-অফে উঠেছে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে। চারবারের চ্যাম্পিয়নরা গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই প্রথম খেলবে নিজেদের মাঠে।

আইপিএলে তিনবার গুজরাত-চেন্নাই দ্বৈরথ হয়েছে। এই লড়াইটা গুরু-শিষ্যের লড়াইয়ের মতোই। কেন না, গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। পাণ্ডিয়া বারবার বলেন কেরিয়ার থেকে ক্যাপ্টেন্সি- সবেতেই তিনি ধোনির পরামর্শ নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন।

আইপিএলে অবশ্য একবারও গুজরাতকে হারাতে পারেনি চেন্নাই সুপার কিংস। গত বছর ১৭ এপ্রিল পুনেতে প্রথম সাক্ষাতে ১ বল বাকি থাকতে টাইটান্স ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। ফিরতি সাক্ষাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে তারা জিতেছিল ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত ৩১ মার্চ গুজরাত ৪ বল বাকি থাকতে হারিয়েছিল চেন্নাইকে। টস হেরে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের ৯২ রানের দৌলতে ৭ উইকেটে ১৭৮ তোলে সিএসকে। ২টি করে উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ।

জবাবে শুভমান গিলের ৬৩, বিজয় শঙ্করের ২৭ এবং রাহুল তেওয়াটিয়া ও রশিদ খানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে গুজরাত ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। আরসিবিকে হারিয়ে আজ চেন্নাই পৌঁছেছে টাইটান্স। শুভমান গিল টানা দুটি ম্যাচে শতরান করেছেন। নিজের মাঠে তামিলনাড়ুর বিজয় শঙ্কর ফের জ্বলে উঠতে প্রত্যয়ী।

চেন্নাই সুপার কিংস পরপর দুই বছর আইপিএল ফাইনাল খেলেছিল, ২০১১ ও ২০১২ সালে। চেন্নাইকে হারিয়েই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে সেই নজির স্পর্শ করতে চাইছে গুজরাত টাইটান্স। দুই দলের একাদশে রদবদলের সম্ভাবনা নেই। তুল্যমূল্য লড়াই হবে। তিন ম্যাচে বল করেননি হার্দিক, কাল করেন কিনা সেটা দেখার।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, দাসুন শনাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, যশ দয়াল, মহম্মদ শামি, মূর আহমেদ। বোলিংয়ের সময় নামবেন মোহিত শর্মা। ইমপ্যাক্ট সাব হিসেবে তাঁর সঙ্গে অদলবদল হবে শুভমান গিলের।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে। বোলিংয়ের সময় নামবেন মাথিশা পাথিরানা।

আইপিএলে সবচেয়ে বেশি ৯টি ম্যাচে ইমপ্যাক্ট সাব-সহ ১২ জনের দলে রদবদল করেনি সিএসকে। চেন্নাইয়ে গরম রয়েছে। শুষ্ক পিচে স্পিনাররা বেশি কার্যকরী হতে পারেন। ডিউ ফ্যাক্টর থাকবে বলে মনে করা হচ্ছে। এবারের আইপিএলে সাতটির মধ্যে চারটি ম্যাচেই রান তাড়া করে বিভিন্ন দল জিতেছে। সেটা মাথায় রাখবে দুই দলই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications