IPL 2023: পাঞ্জাব কিংস সাফল্য পেতে চাইছে দুই ক্ষেত্রে উন্নতি, শিখরের দলে বাজিমাত করতে পারেন কারা?
আইপিএলে একবারও খেতাব জিততে পারেনি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ২০১৪ সালে ফাইনালে উঠে হেরেছিল কেকেআরের কাছে। শেষ চারটি সংস্করণেই ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছিল। গতবার ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস সাতটি ম্যাচে জেতে, সাতটিতে হারে। ময়াঙ্ককে ছেড়ে দিয়ে শিখর ধাওয়ানকে অধিনায়ক করেছে পাঞ্জাব কিংস। নিলাম থেকে বেশ শক্তিশালী দলও গড়েছে প্রীতি জিন্টার দল।

ধাওয়ান নেতৃত্বে
লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টসে যাওয়ার পর ময়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক করেছিল পাঞ্জাব কিংস। ময়াঙ্ক দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। এবার শিখর ধাওয়ান ক্যাপ্টেন। গত আইপিএলে ধাওয়ান ১৪ ইনিংসে ৪৬০ রান করেছেন। শিখর এখন ভারতীয় দলের বাইরে। তবে তিনি রানের মধ্যে থাকলে জাতীয় দলে কামব্যাক অসম্ভব নয় বলেই মন্তব্য করেছেন পাঞ্জাবের হেড কোচ ট্রেভর বেইলিস। ফলে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখতে ধাওয়ান মুখিয়ে থাকবেন আইপিএলে ভালো খেলতে।
|
চমক দেখাতে পারেন
পাঞ্জাব কিংস আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দর দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে নিয়েছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন জনি বেয়ারস্টো। তাঁর পরিবর্ত হিসেবে বিগ ব্যাশে দারুণ ছন্দে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার ম্যাথু শর্টকে নেওয়া হয়েছে। কারান টি ২০ বিশ্বকাপে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। শর্ট অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ না পেলেও বিগ ব্যাশে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। লিয়াম লিভিংস্টোনের ব্যাক-আপ হিসেবে নেওয়া হয়েছে সিকান্দর রাজাকে।
|
নানা ক্ষেত্রে রদবদল
পাঞ্জাব কিংস অনিল কুম্বলেকে সরিয়ে কেকেআরকে আইপিএল জেতানো বেইলিসকে কোচ করেছে। ব্যাটিং কোচ করা হয়েছে ওয়াসিম জাফরকে। স্পিন বোলিং কোচ সুনীল যোশী। ব্র্যাড হ্যাডিন সহকারী কোচ। চার্ল ল্যাঙ্গভেল্ট বোলিং কোচ। ধাওয়ানের ওপেনিং সঙ্গী হতে পারেন শর্ট। লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপক্ষরা থাকায় পাঞ্জাব কিংসের ব্যাটিং গভীরতা বেশ ভালো। সিকান্দর রাজা পাকিস্তান সুপার লিগ খেতাবজয়ী লাহোর কলন্দরসের হয়ে ভালো খেলেছেন। ফলে তিনিও আইপিএলে নামবেন আত্মবিশ্বাস সঞ্চয় করেই।
|
দুই ক্ষেত্রে জোর
অভিজ্ঞ হেড কোচ বেলিস দলের গতবারের রোগ ধরে ফেলেছেন। তাঁর মতে, দুটি ক্ষেত্রে উন্নতির দরকার। ব্যাটিংয়ের শেষটা ভালো হয়নি। এবার স্যাম কারান থাকায় সেই সমস্যা মিটবে বলে ধারণা তাঁর। বোলার হিসেবেও কারান খুব কার্যকরী। অর্শদীপ সিং, কাগিসো রাবাডা রয়েছেন। তাঁরা দলে থাকায় মাঝের ওভারগুলিকে উইকেট তুলে নেওয়াও পাঞ্জাবের টার্গেট। ডেথ ওভারে কারান যে বড় ভরসা তা বুঝিয়ে দিয়েছেন বেইলিস। তাঁর কথায়. স্যাম ও টম- কারান ভাইয়েরা শেষ ওভারে বল করতেও নির্ভীক থাকেন।

কারা রয়েছেন দলে?
মোহালিতে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রাবাডা ছাড়া সকলকেই পাচ্ছে পাঞ্জাব কিংস। প্রথম একাদশ এখনই খোলসা করছেন না কোচ। গত ডিসেম্বরের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি লিয়াম লিভিংস্টোন। হাঁটুর চোট সারিয়ে তিনি ফিরছেন। ফলে প্রথম ম্য়াচে তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে। ধরমশালায় শেষ দুটি লিগ পর্বের ম্যাচের আগে পরপর দুটি হোম ম্যাচ পাচ্ছে না পাঞ্জাব।
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরন সিং (উইকেটকিপার), ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা (উইকেকিপার), শাহরুখ খান, সিকান্দর রাজা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইড়ে, অর্শদীপ সিং, নাথান এলিস, বলতেজ সিং, স্যাম কারান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদ্বৎ কাভেরাপ্পা, শিবম সিং, মোহিত রাঠি।












Click it and Unblock the Notifications