IPL 2023: আইপিএলে আজ চেন্নাই-দিল্লি! প্লে-অফের দৌড়ে ১০ দলের সামনে কোন সমীকরণ?
আইপিএলে প্লে-অফের লড়াই জমজমাট। খাতায়-কলমে এখন ১০টি দলের কাছেই শেষ চারে যাওয়ার রাস্তা খোলা। সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস বাদে বাকি ৮টি দলই ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। আজ চেন্নাই সুপার কিংস দ্বাদশ ও দিল্লি ক্যাপিটালস ১১তম ম্যাচ খেলবে।
দিল্লি আজ হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। প্লে-অফের ম্যাজিক ফিগার হিসেবে গতবারের মতো এবারও ১৬ পয়েন্টকেই ধরা হচ্ছে। তবে ১৬ পয়েন্ট পেলেই যে শেষ চার নিশ্চিত হবে তেমন নয়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

গুজরাত টাইটান্স ১১ ম্যাচে ১৬, চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১৩, মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ১২ এবং লখনউ সুপার জায়ান্টস ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্রথম চারে রয়েছে। রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১০ পয়েন্ট করে পেয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের রয়েছে ১০ ম্যাচে ৮ পয়েন্ট।
গুজরাত টাইটান্সের প্লে-অফ নিশ্চিত। মুম্বই, হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়াদের ম্যাচ বাকি। গুজরাতের নেট রান রেট সকলের চেয়ে ভালো। ফলে তিনটি ম্যাচ গুজরাত হারলেও নেট রান রেটে তাদের অনেকেই টেক্কা দিতে পারবে না। চেন্নাই সুপার কিংসের দুটি ম্যাচ বাকি দিল্লির সঙ্গে, একটি কেকেআরের বিরুদ্ধে। দুটিতে জিতলেই প্লে-অফ পাকা।

চেন্নাই যদি তিনটির মধ্যে একটিতে জেতে তাহলে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ বাকি গুজরাত, লখনউ ও হায়দরাবাদের বিরুদ্ধে। তিনটিতেই জিতলে অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। দুটিতে জিতলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে।

লখনউয়ের খেলা বাকি হায়দরাবাদ,মুম্বই ও কেকেআরের বিরুদ্ধে। তিনটিতে জিতলে সরাসরি প্লে-অফে যাবেন ক্রুণালরা। দুটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে অন্য দলের ফলাফলের উপর নির্ভরশীল থাকতে হবে। কাল ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে যারা হারবে তাদের বিদায় নিশ্চিত। দুই দলকেই সব ম্যাচ জিততে হবে ১৬ পয়েন্টে পৌঁছতে গেলে।
১৪ পয়েন্ট প্লে-অফে যাওয়ার পক্ষে যথেষ্ট হবে না। রাজস্থানের ম্যাচ বাকি কেকেআর, আরসিবি ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। কেকেআরের খেলা বাকি রাজস্থান, চেন্নাই ও লখনউয়ের বিরুদ্ধে। আরসিবি রয়েছে সাতে, নেট রান রেট মাইনাস (-) ০.৩৪৫। ফলে প্লে-যেতে গেলে সব ম্যাচ ডু অর ডাই, বড় ব্যবধানে জিতে নেট রান রেট ভালো করতে হবে।

আরসিবির খেলা বাকি রাজস্থান, হায়দরাবাদ ও গুজরাতের বিরুদ্ধে। পাঞ্জাব কিংসেরও অবস্থা আরসিবির মতোই। দুবার দিল্লির পাশাপাশি রাজস্থানকে হারাতে হবে। নেট রান রেটেরও উন্নতি ঘটাতে হবে। বাকি দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসও সব ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে যেতে পারবে।

সানরাইজার্সের খেলা বাকি লখনউ, গুজরাত, আরসিবি ও মুম্বইয়ের বিরুদ্ধে। দিল্লি আজ চেন্নাই ম্যাচ খেলবে, হারলেই বিদায়। এরপর দিল্লির ম্যাচ বাকি থাকবে দুটি পাঞ্জাবের বিরুদ্ধে এবং একটি চেন্নাইয়ের বিরুদ্ধে। ১০ বা ৮ পয়েন্টে থাকা দলগুলিকে নেট রান রেট বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। ১৬ পয়েন্টে পৌঁছেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications