IPL 2023: গুজরাতে পছন্দের খাবার না পেলেও দুরন্ত বোলিং শামির! পাওয়ারপ্লে রেকর্ড ঈর্ষণীয়
আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দাপট গুজরাত টাইটান্সের। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে চার উইকেট নিয়ে রশিদ খানকে ধরে ফেললেন মহম্মদ শামি। দুজনেই ২৩টি উইকেট নিয়েছেন। তবে ইকনমিতে এগিয়ে শামি। আপাতত তাঁদের দখলেই বেগুনি টুপি।
মহম্মদ শামির পাওয়ারপ্লে বোলিং রেকর্ড ঈর্ষণীয়। গত বছরের নভেম্বরে টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন শামি। তারপর তিনি আর টি ২০ আন্তর্জাতিক খেলার সুযোগ পাননি। তবে আইপিএলে চমকপ্রদ পারফরফরম্যান্স উপহার দিচ্ছেন।

সানরাইজার্সকে প্রথম ওভারেই ধাক্কা দেন শামি। পাওয়ারপ্লে-তে ৪.২ ওভারে চার উইকেট পড়ে যায় অরেঞ্জ আর্মির। তার মধ্যে তিনটি উইকেটই শামির। আনমোলপ্রীত সিং (৪ বলে ৫), অধিনায়ক এইডেন মার্করাম (১০ বলে ১০) ও রাহুল ত্রিপাঠী (২ বলে ১) আউট হন। ১৭তম ওভারে হেইনরিখ ক্লাসেন (৪৪ বলে ৬৪) সেই শামিরই শিকার।
শামি ৪ ওভারে ২১ ও মোহিত শর্মা ৪ ওভারে ২৮ রান দিয়ে চারটি করে উইকেট নেন। শামি ও রশিদ খান ১২ ম্যাচে ২৩টি করে উইকেট নিয়েছেন। মোহিত ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় সাতে আছেন। শামি নিজেকে নিয়ে তেমন উচ্ছ্বাস না দেখিয়ে দলগত সংহতিতেই জয় এসেছে বলে জানান।

২০১৪ সালে টি ২০ আন্তর্জাতিক অভিষেক শামির। গত বছর ৬ ম্যাচে ৬ উইকেট নেন। ২৩টি টি ২০ আন্তর্জাতিকে শামির উইকেট-সংখ্যা ২৪। আর এবারের আইপিএলেই তিনি ২৩টি উইকেট ইতিমধ্যে তুলে নিয়েছেন। দুবার ইনিংসে চার উইকেট পেয়েছেন। ৫১ ওভারে ৩৮৫ রান দিয়েছেন, সেরা বোলিং ১১ রানে চার উইকেট। গড় ১৬.৭৩, ইকনমি ৭.৫৪।
রশিদ খান ২৩ উইকেট নিয়েছেন, ১ বার ইনিংসে চার উইকেট। ৩০ রানের বিনিময়ে চার উইকেট তাঁর সেরা বোলিং। ৫২ ওভার বল করে ৪২৪ রান দিয়েছেন, গড় ১৮, ইকনমি ৭.৯৬। রশিদ আইপিএলকে দেওয়া সাক্ষাৎকারে শামির পাওয়ারপ্লে বোলিংয়ের প্রশংসা করেছেন। মাঝের ওভারগুলিতে উপভোগ করছেন মোহিত শর্মার সঙ্গে বোলিংও।

রশিদের কথায়, শামি প্রথমদিকে দ্রুত উইকেট তুলে নিচ্ছেন। এতে প্রতিপক্ষ দলগুলি সংস্যায় পড়ছে। এই অবস্থায় রশিদের টার্গেট থাকছে ওভারে কম রান দেওয়া। ফলে ঝুঁকি নিতে গিয়ে ফের উইকেট খোয়াচ্ছে দলগুলি। রশিদ বলেন, গুজরাত টাইটান্স ১৩টি ম্যাচেই জয়ের জন্য কোনও ব্যক্তিবিশেষের উপর পুরো নির্ভর করেনি। দলগত সংহতিই জেতাচ্ছে।
শামির ২৩টি উইকেটের মধ্যে ১৫টিই এসেছে পাওয়ারপ্লেতে। ১২৮টি ডট বল। এই সময়কালে ইকনমি ৬.৮০, গড় ১৫.৮৬। রবি শাস্ত্রী স্টার স্পোর্টসে শামির কাছে জানতে চেয়েছিলেন কী খাবার খাওয়ার ফলে প্রতি ম্যাচেই বোলিংয়ের উন্নতি ঘটাচ্ছেন? দেড় মাসে তাপমাত্রা বেড়েছে, শামির বল করার সময় দৌড়ের গতিও বেড়েছে। এতে বিস্মিত রবি শাস্ত্রী।

এই প্রশ্নের প্রেক্ষিতে শামির মজাদার উত্তর ভাইরাল। শামি বলেন, গুজরাতে আমার পছন্দের খাবার মিলছে না। কিন্তু গুজরাতের খাবারও বেশ উপভোগ করছি। এরপর তিনি বলেন, নিজের শক্তির উপর আস্থা রাখছি। সব সময় ভালো জায়গায় বল ফেলা, ভালো লাইনে বল করা লক্ষ্য থাকে। সেইমতোই নতুন বলকে কাজে লাগানোর চেষ্টা করেছি। তাতেই সাফল্য।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications