IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোন রণকৌশলে কলকাতা নাইট রাইডার্স? টসের সময় বিরাট চমক
আইপিএলে ডাবল হেডারের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ দিন পর খেলতে নামছেন রোহিত শর্মারা। যদিও শুক্রবার রাতে ইডেনে পরাস্ত হওয়ার পর আজ কেকেআরকে বিকেল সাড়ে তিনটেয় খেলতে হচ্ছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫টি ম্যাচে মাত্র চারটিতে জিতেছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সকে এখানে শেষবার হারিয়েছে ২০১২ সালে। ৩ ম্যাচ খেলে এবার মুম্বইয়ের জয় এসেছে একটিতে। কেকেআর ৪ ম্যাচে ২টিতে জিতেছে, হেরেছে ২টিতে। আজ পাঁচ বনাম নয়ের লড়াই।

টসের সময় আজ থাকতে পারে বড় চমক। মুম্বই ইন্ডিয়ান্সের দুই অধিনায়ক টস করতে যাবেন বলে জানা যাচ্ছে। রোহিত শর্মার সঙ্গে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কন্যাসন্তানদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল কর্মসূচি এই ফ্র্যাঞ্চাইজি চালায় রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে।

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিভিন্ন বয়সের মেয়েদের হাজির করাবে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ৩৬টি এনজিও থেকে আনা হচ্ছে ১৯ হাজার মেয়েকে। জনসাধারণের জন্য এই ম্যাচে টিকিট বিক্রিও হয়নি বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যা এক নতুন দৃষ্টান্ত তৈরি করতে চলেছে।

জোফ্রা আর্চার আজকের ম্য়াচেও সম্ভবত খেলতে পারবেন না। মুম্বই ইন্ডিয়ান্সের টিম ডেভিড গতকাল সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি। গতকাল তিনি হাল্কা বোলিং করেছেন ট্রেনিং নেটের কিছুটা দূরে। তবে ব্যাট করেছেন স্বাভাবিকভাবেই। ডেভিডের কথা, জোফ্রা মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন। সময় বুঝেই তাঁকে খেলানো হবে।

মুম্বই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অদলবদল করতে পারে টিম ডেভিড ও জেসন বেহরেনডর্ফের মধ্যে। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, আর্শাদ খান, পীযূষ চাওলা, রাইলে মেয়ারডিথ।

কলকাতা নাইট রাইডার্স গতকাল সন্ধ্যায় মুম্বই পৌঁছেছে। অনুশীলন করেনি। প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনেও কেউ আসেননি। নজর থাকছে আন্দ্রে রাসেলের দিকে। কেকেআর থেকে জানানো হয়েছে, রাসেলের কোনও চোট নেই। ইডেনে ক্র্যাম্পের সমস্যা হয়েছিল। সেটা হলে, রাসেলের একাদশে থাকায় কোনও বাধা নেই। আবার তাঁকে বিশ্রাম দেওয়াও হতে পারে।

কেকেআর প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল বা ডেভিড উইসে, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন সুযশ শর্মা। প্রথমে বোলিং করলে তিনি দলে থাকবেন, ভেঙ্কটেশ সেক্ষেত্রে পরে নামবেন।
মুম্বইয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যেহেতু দিনের খেলা, ফলে ডিউ ফ্যাক্টর থাকছে না। টসও গুরুত্বপূর্ণ হবে না বলেই মনে করা হচ্ছে। নাইটদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মুম্বই ইন্ডিয়ান্স দৃঢ়প্রতিজ্ঞ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications