IPL 2023: স্টইনিস-ঝড়ে রোহিতদের পরিকল্পনা বেসামাল! মুম্বইকে ১৭৮ রানের টার্গেট দিল লখনউ
আইপিএলে প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে মুম্বই ইন্ডিয়ান্সের চাই ১৭৮ রান। লখনউ সুপার জায়ান্টস এই ম্যাচে জিততে পারে কিনা সেদিকে নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। লখনউয়ের পরাজয় নাইটদের আশীর্বাদের কারণ হতে পারে।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছে সুপার জায়ান্টস। ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকলেন মার্কাস স্টইনিস।

তৃতীয় ওভারের প্রথম দুই বলে দীপক হুডা (৭ বলে ৫) ও প্রেরক মাঁকড় (১ বলে ০)-কে হারিয়ে লখনউ ইনিংসে জোড়া ধাক্কা দিয়েছিলেন জেসন বেহরেনডর্ফ। ১২ রানে প্রথম দুটি উইকেট পড়েছিল। পাওয়ারপ্লে-র ৬ ওভারে লখনউ আর কোনও উইকেট হারায়নি। ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৩৫।

সপ্তম ওভারের প্রথম বলেই লখনউয়ের তৃতীয় উইকেটের পতন ঘটে ৩৫ রানের মাথায়। ১৫ বলে ১৬ রান করে কুইন্টন ডি কক পীযূষ চাওলার বলে কট বিহাইন্ড হন। অষ্টম ওভারে ৫০ রান পূর্ণ হয় লখনউয়ের।
১০০ রান আসে ১৪তম ওভারের শেষ বলে। ১৬তম ওভারের শেষ বল খেলে অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া চোটের কারণ দেখিয়ে মাঠ ছাড়েন।

ক্রুণাল যখন মাঠ ছেড়ে বেরিয়ে যান তখন তাঁর ব্যক্তিগত স্কোর ৪২ বলে ৪৯, ১টি করে চার ও ছয় মেরেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের স্কোর তখন ৩ উইকেটে ১১৭। ক্রুণাল রিটায়ার্ড হার্ট হওয়ায় মাঠে নামেন নিকোলাস পুরাণ।
১৭তম ওভারে আকাশ মাধওয়ালের বলে রিভিউ নিয়ে লেগ বিফোর হওয়ার থেকে রক্ষা পান মার্কাস স্টইনিস। এই ওভারে ৬ রান আসে।

১৮তম ওভারে বল করতে গিয়েছিলেন ক্রিস জর্ডন। দুটি ছয় ও তিনটি চারের সাহায্যে ২৪ রান নেন স্টইনিস। এই ওভার শুরুর সময় স্টইনিস অপরাজিত ছিলেন ৩৫ বলে ৪৭ রানে। ওভারের শেষে পৌঁছে যান ৪১ বলে অপরাজিত ৬৯ রানে। ৩৬ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।
স্টইনিস এদিন আইপিএল কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রানে পৌঁছে যান ১৯তম ওভারে। ১৯তম ওভারে জেসন বেহরেনডর্ফের ওভারে আসে ১৫ রান। এই ওভারেও দুটি ছক্কা হাঁকান স্টইনিস। চতুর্থ উইকেটে পঞ্চাশ রানের পার্টনারশিপ নিকোলাস পুরাণ ও মার্কাস স্টইনিস গড়ে ফেলেন ২২ বলে।
শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলে লখনউ। শেষ তিন ওভারে আসে ৫৪ রান। চারটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন স্টইনিস। নিকোলাস পুরাণ ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ৩০ ও পীযূষ চাওলা ৩ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। ক্রিস জর্ডন চার ওভারে ৫০, হৃতিক শোকিন ৩ ওভারে ২০, আকাশ মাধওয়াল ৪ ওভারে ৩০ ও ক্যামেরন গ্রিন ২ ওভারে ১৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications