MI vs CSK: মুম্বই বনাম চেন্নাই দ্বৈরথে কাদের ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা? পরিসংখ্যান একনজরে
আইপিএলের এল ক্লাসিকো। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস দ্বৈরথ আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। চেন্নাই সুপার কিংস এবার একটি ম্যাচে জিতেছে, একটিতে হেরেছে। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে আরসিবির কাছে হারের পর আজ নিজেদের মাঠে প্রথম জয়ের সন্ধানে।
আইপিএল খেতাব পাঁচবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস জিতেছে চারবার। দুই সফল দলের উপভোগ্য লড়াইয়ে আজ কে এগিয়ে তা বিশ্লেষণ করেছেন স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকাররা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০টি সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে ৭ বার হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, সিএসকে-র জয় ৩টিতে। আইপিএলে ৩৪টি দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২০টিতে, সিএসকে ১৪টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে মুম্বই জিতেছে ৩ বার, চেন্নাই ২ বার।
গত আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাই ৩ উইকেটে হারিয়েছিল মুম্বইকে। ফিরতি সাক্ষাতে লো স্কোরিং ম্যাচে মুম্বই ৫ উইকেটে ম্যাচ জেতে। ইউসুফ পাঠান বলেন, মুম্বইয়ে ক্রিকেটপ্রেমীরা চান মহেন্দ্র সিং ধোনি ভালো খেলুন, কিন্তু জিতুক মুম্বই। ঘরের মাঠে মুম্বইকে হারানো সহজ নয়। পরিসংখ্যানে আস্থা রাখলে মুম্বই ২ পয়েন্ট আজ নিশ্চিত করবে।
মহম্মদ কাইফ বলেন, ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স শক্তিশালী। কিন্তু যে কোনও মাঠেই চেন্নাই সুপার কিংসকে হারানোও কঠিন। ফলে চলতি মরশুমে প্রথম জয় ছিনিয়ে নিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ভালোমতোই ঘাম ঝরাতে হবে বলে মনে করছেন কাইফ।

ইউসুফের মতো ইরফান পাঠানও এগিয়ে রাখছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। ইরফানের কথায়, মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে কোনও একটি দলকে ফেভারিট বাছা কঠিন। আজ নিজেদের মাঠে মুম্বই খেলবে। ফলে আজকের ম্যাচ জেতার সম্ভাবনা তাদেরই বেশি। লখনউ, চেন্নাই, গুজরাত, আরসিবি, কেকেআরের মতো প্রথম হোম ম্যাচ মুম্বই জেতে কিনা সেদিকে নজর থাকবে।
টম মুডি বলেন, এই দুই দল মোট ৯ বার ট্রফি জিতেছে। ফলে তাদের দ্বৈরথ সম্মানের লড়াই, আগ্রহও থাকে সকলের। দুটি দল ভালো খেলে, দ্বৈরথ উপভোগ্য। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ঘরের মাঠে সর্বশক্তি নিয়েই ঝাঁপাবেন।

কৃষ্ণমাচারী শ্রীকান্ত উপদেশ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স তথা আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর কথায়, দুই দলই ম্যাচ জিততে বোলারদের উপর আস্থা রাখবে। ফলে যারা ব্যাট ভালো করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। রোহিতের উচিত নিজেকে চাপমুক্ত রাখা। খোলা মনে রোহিত ক্রিজে নিজের স্বাভাবিক খেলাটাই খেলুন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications