IPL 2023: মুম্বইয়ের দাপটে লখনউ চূর্ণ, রোহিতরা ফের হার্দিকদের সামনে! ৫ রানে ৫ উইকেট আকাশের
আকাশ মাধওয়ালের বিধ্বংসী স্পেল। ৩.৩ ওভারে পাঁচ রানে পাঁচ উইকেট। চেন্নাইয়ের চিপকে এই প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। গতবার আরসিবির পর এবার এলিমিনেটরে মুম্বইয়ের কাছে পরাস্ত লখনউ।
জয়ের জন্য ক্রুণাল পাণ্ডিয়ার দলের সামনে ১৮৩ রানের টার্গেট রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৮.২ ওভারে ৬৯ রানে পড়েছিল তৃতীয় উইকেট। সেখান থেকে ১৪.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১০০! শেষ অবধি ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় লখনউ।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ছিল ২ উইকেটে ৫৪ রান। ৫.৪ ওভারে ৫০ রান পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু আচমকা ব্যাটিং বিপর্যয়েই ভরাডুবি লখনউয়ের। আকাশ মাধওয়ালের বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি লখনউকে ভোগাল তিনটি রান আউট।

পাঁচটি চার, একটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪০ রান করেন মার্কাস স্টইনিস। কাইল মেয়ার্স ১৩ বলে ১৮, প্রেরক মাঁকড় ৩, ক্রুণাল পাণ্ডিয়া ৮, আয়ুষ বাদোনি ১ রান করেন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন নিকোলাস পুরাণ। দীপক হুডা ১৩ বলে ১৫, কৃষ্ণাপ্পা গৌতম ২, রবি বিষ্ণোই ৩, মহসীন খান শূন্য রানে আউট।

৫ বলে ১ রানে অপরাজিত থাকেন নবীন উল হক। ৭৪ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট পড়ে। ৮৯ রানে ষষ্ঠ, ৯২ রানে সপ্তম, ১০০ রানে অষ্টম ও নবম উইকেট পড়ে। ১০১ রানে অল আউট হয়ে যায় হার্দিক পাণ্ডিয়ার দাদার দল। হতাশ মেন্টর গৌতম গম্ভীর থেকে অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া সকলেই।

মুম্বই ইন্ডিয়ান্স এদিন জয় ছিনিয়ে নিল ৮১ রানে। আকাশ মাধওয়াল ৩.৩ ওভারে পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন। প্রেরক মাঁকড়, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই ও মহসীন খানকে আউট করেন আকাশ। যা আইপিএলে অন্যতম সেরা বোলিং ফিগার হিসেবে চিহ্নিত হয়ে রইল।

ক্রিস জর্ডন ২ ওভার বল করেছেন, ১টি মেডেন, ৭ রান দিয়ে তিনি পান একটি উইকেট। পীযূষ চাওলা ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও রোহিত শর্মা দুরন্ত ফিল্ডিং করলেন। স্টইনিস, হুডা ও গৌতমের রান আউট খাদের কিনারায় ঠেলে দেয় লখনউকে।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স তুলেছিল ৮ উইকেটে ১৮২ রান। ক্যামেরন গ্রিন ৪১, সূর্যকুমার যাদব ৩৩, তিলক বর্মা ২৬ ও নেহাল ওয়াধেরা ঝোড়ো ২৩ রান করেন। নবীন উল হক ৩৮ রান দিয়ে চারটিও যশ ঠাকুর ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নেন।
প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স বিপজ্জনক বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। লখনউকে যেভাবে পিষে হারালেন রোহিতরা, তাতে সে কথা স্পষ্ট। আইপিএলে টানা তিনবার লখনউয়ের কাছে হারার পর এই প্রথম জয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিতদের সামনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications