IPL 2023: আইপিএলে জয়ের সন্ধানে মুখোমুখি চেন্নাই-লখনউ, রণকৌশল কেমন হতে পারে?
আইপিএলে কাল ডাবল হেডারের প্রথম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সিএসকে টানা ২টি ম্যাচে হেরে ১ নম্বর থেকে চারে নেমে এসেছে। লখনউকে লো স্কোরিং ম্যাচে হারতে হয়েছে আরসিবির কাছে।
লোকেশ রাহুলের যা চোট তাতে কালকের ম্যাচে তাঁকে বাইরেই থাকতে হবে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। সেক্ষেত্রে ক্রুণাল পাণ্ডিয়া টস করতে যাবেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। দুই দলই জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে।

লখনউ সুপার জায়ান্টস নিজেদের মাঠে ১৩৬ ও ১২৭ রানের টার্গেটে পৌঁছতে পারেনি। কাল অবশ্য লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। লাল মাটির পিচ ব্যবহার করা হতে পারে। লোকেশ রাহুল গতকাল ফিল্ডিং করতে গিয়ে চোট পান। ব্যাট করতে নামেন ১১ নম্বরে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুল যখন ব্যাট করতে নামলেনই, তখন মাঝের ওভারে আসা উচিত ছিল।
লোকেশ রাহুলের অনুপস্থিতিতে লখনউয়ের একাদশে আসা কার্যত নিশ্চিত কুইন্টন ডি ককের। কাইল মেয়ার্স ফর্মে থাকায় ডি কককে খেলাতে পারেনি লখনউ। নবীন উল হককে বসিয়ে মার্ক উডকে ফেরানো হতে পারে। উডকে আর ২টি ম্যাচে পাবে লখনউ। পেসার আবেশ খানও কামব্যাক করতে পারেন কালকের ম্যাচে। আজ প্র্যাকটিসে দেখা গিয়েছে আবেশকে।

চেন্নাই সুপার কিংসের একাদশে রদবদলের সম্ভাবনা কম। বেন স্টোকস লখনউ ম্যাচে নামার জন্য প্রস্তুত কিনা সেটা এখনও স্পষ্ট নয়। মাহিশ থিকশানার জায়গায় মিচেল স্যান্টনারকে নামাতে পারে সিএসকে। গত বছরের আইপিএলে সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসকে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল। এবার চেন্নাইয়ে সিএসকে ২১৭ তুলে জেতে ১২ রানে।
চেন্নাই সুপার কিংসের একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা বা মিচেল স্যান্টনার। ইমপ্যাক্ট সাব- আকাশ সিং।
লখনউ সুপার জায়ান্টসের একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাস পাণ্ডিয়া (অধিনায়ক), নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, আবেশ খান, অমিত মিশ্র। ইমপ্যাক্ট সাব- যশ ঠাকুর।

লখনউ বনাম চেন্নাই ম্যাচ দিনে, অর্থাৎ বিকেল সাড়ে তিনটে থেকে। লাল মাটির পিচ ব্যবহার করা হলে তাতে বাউন্স থাকবে। আকাশ মেঘলা থাকার পূর্বাভাস থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই। এই স্টেডিয়ামে চলতি আইপিএলে প্রথম ইনিংসে গড় স্কোর ১৪৭।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications