IPL 2023: পাঞ্জাবকে হারিয়ে দুইয়ে চলে এলেন রাহুলরা! লখনউয়ের জয়ে একাধিক নজির
আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। শিখর ধাওয়ানের দলকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানের দখল নিল লোকেশ রাহুলের দল। পাঞ্জাবের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল লখনউ।
লখনউ সুপার জায়ান্টস এদিন জয় পেল ৫৬ রানে। কখনও মনে হয়নি এই লক্ষ্যে পৌঁছতে পারবে পাঞ্জাব কিংস। পারেওনি। যশ ঠাকুর নিলেন চার উইকেট।

জয়ের জন্য ২৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ২০১ রানে অল আউট পাঞ্জাব কিংস। ওপেনার প্রভসিমরণ সিং ৯ ও অধিনায়ক শিখর ধাওয়ান ১ রান করে আউট হন। তিনে নেমে অথর্ব তাইড়ে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৬ বলে সর্বাধিক ৬৬ রান করেন।

২২ বলে ৩৬ রান করেন সিকান্দর রাজা। লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২৩, স্যাম কারান ১১ বলে ২১, জিতেশ শর্মা ১০ বলে ২৪ রানের ইনিংস খেলেন। রাহুল চাহার ও কাগিসো রাবাডা ফেরেন শূন্য রানে আউট হয়ে। শাহরুখ খান করেন ৯ বলে ৬ রান। লোকেশ রাহুল এদিন ৯ বোলার ব্যবহার করেন।
নিজের দ্বিতীয় ওভার করতে গিয়ে পঞ্চম বলে অথর্ব তাইড়ের শটে আঙুলে চোট পান মার্কাস স্টইনিস। একটি বল করেন আয়ুষ বাদোনি। যশ ঠাকুর ৩.৫ ওভারে ৩৭ রান দিয়ে চার উইকেট নেন। নবীন উল হক ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। রবি বিষ্ণোই ২টি এবং স্টইনিস ১টি উইকেট পান।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস। লখনউ সুপার জায়ান্টস তোলে ৫ উইকেটে ২৫৭। ৬টি চার, পাঁচটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭২ করেন মার্কাস স্টইনিস। কাইল মেয়ার্স ২৪ বলে ৫৪, আয়ুষ বাদোনি ২৪ বলে ৪৩, নিকোলাস পুরাণ ১৯ বলে ৪৫ রান করেন। ১১ রানে অপরাজিত থাকেন দীপক হুডা। রাহুল করেন ১২।
কাগিসো রাবাডা দুটি এবং অর্শদীপ সিং, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন। আইপিএলে দলগত সর্বাধিক রানের নিরিখে লখনউ সুপার জায়ান্টসের ৫ উইকেটে ২৫৭ রইল দ্বিতীয় স্থানে। অক্ষত থেকে গেল আরসিবির ২৬৩ রানের রেকর্ডটি। মোহালিতে সর্বাধিক দলগত রানের রেকর্ড লখনউয়ের।

আরসিবি ২৬৩ তোলার ফাঁকে ২১টি করে চার ও ছয় মেরেছিল। লখনউয়ের ইনিংসে চার ও ছয়ের সংখ্যা ৪১। এই ৪১টির মধ্যে ২৭টি চার ও ১৪টি ছয় রয়েছে। কোনও ইনিংসে সর্বাধিক চারের সংখ্যা ৩১। ২০১৭ সালে গুজরাত লায়ন্স কানপুরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সেই রেকর্ড গড়ে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদ আবু ধাবিতে ৩০টি চার মেরেছিল। তার পরেই রইল লখনউয়ের নজির। ২০১৬ সালে ১৫ ওভারের ম্যাচে ১৪.১ ওভারে আরসিবি ২০০ রান তুলেছিল। আজ লখনউয়ের লাগল ১৫.৫ ওভার।

২০১৩ সালে যে রেকর্ড ২৬৩ রান তুলেছিল আরসিবি, সেই ম্যাচে তারা ১৫.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি স্পর্শ করেছিল। কাইল মেয়ার্স এবার চারটি অর্ধশতরানের দুটিই পূর্ণ করেন পাওয়ারপ্লে-র মধ্যে। পাঞ্জাবের পেসাররা ১৪ ওভারে ১৮৬ রান দিয়ে চারটি উইকেট নেন। ইকনমি ১৩.২৮, যা আইপিএলে সবচেয়ে খারাপ।
লখনউ এত রান তুললেও গুরনুর ব্রারের প্রথম ওভারে ও নবম ওভারে রাহুল চাহার বল করতে গেলে কোনও বাউন্ডারি মারতে পারেনি। গত আইপিএলে ১৮ বার দুশোর উপর রান হয়েছিল। এবার সেটা আপাতত ২০। এর মধ্যে ১৩টি প্রথমে ব্যাট করে।
চলতি আইপিএলে চতুর্থ দল হিসেবে ১০ পয়েন্টে পৌঁছল লখনউ। রাজস্থান রয়্যালস (০.৯৩৯)-এর চেয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রইল লখনউ (০.৮৪১)। তিনে গুজরাত, চারে সিএসকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications