আইপিএলে কেকেআর ম্যাচের আগে ধাক্কা খেল পাঞ্জাব কিংস, শিখররা পাবেন না বিধ্বংসী অলরাউন্ডারকে
আইপিএলে এবার মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঞ্জাব কিংস। যদিও সেই ম্যাচের আগেই ধাক্কা খেল শিখর ধাওয়ানের দল। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানাচ্ছে সংবাদসংস্থা পিটিআই। এখনও খেলার বিষয়ে ইসিবি থেকে সবুজ সঙ্কেত পাননি লিভিংস্টোন।

শনিবার পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ রয়েছে। গত ডিসেম্বরে হাঁটুতে চোট পান লিভিংস্টোন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেকের ম্যাচেই চোট লাগে। তারপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে পারেননি নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। গত বছরই দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। লিভিংস্টোনের মতো অলরাউন্ডারকে না পাওয়া যেমন পাঞ্জাবের অস্বস্তি, তেমনই কিছুটা স্বস্তি পেল কেকেআর। আজই কলকাতা নাইট রাইডার্স চণ্ডীগড় পৌঁছেছে।
Next stop 👉 Chandigarh! ✈️@anukul06roy @rinkusingh235 #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/47fV1PmjUb
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2023
পাঞ্জাব কিংস দলের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থার দাবি, ইসিবি লিভিংস্টোনের ফিটনেস সম্পর্কে নিশ্চিত হতে স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই স্ক্যান রিপোর্টের উপরই সব কিছু নির্ভর করবে। প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকে পাওয়ার বিষয়ে আশাবাদী পাঞ্জাব কিংস ম্যানেজমেন্ট। লিভিংস্টোন এদিনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে তিনি নেটে ব্যাটিং করছেন।
গত আইপিএলে বিধ্বংসী ফর্মে ছিলেন। ১৪ ম্যাচে তিনি ৪৩৭ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৩৬.৪২, স্ট্রাইক রেট ১৮২.০৮। বল হাতে অফ স্পিন ও লেগ ব্রেকের মিশ্রণ ঘটিয়ে তুলে নেন ৬ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগে ঝোড়ো ব্যাটিংয়ে নিজের পারদর্শিতা দেখিয়েছেন। ইংল্যান্ডের হয়ে তিনি ১২টি একদিনের আন্তর্জাতিক ও ২৯টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। লিভিংস্টোন ছাড়াও প্রথম ম্যাচে কাগিসো রাবাডাকেও পাচ্ছে না পাঞ্জাব কিংস। তিনি ৩ তারিখ ভারতে আসবেন। যদিও টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার স্যাম কারান ইতিমধ্যেই পাঞ্জাব কিংসের শিবিরে যোগ দিয়েছেন। আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড দরে কারানকে নিয়েছে পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications