IPL 2023: আইপিএলে জয়ে ফিরল লখনউ, হেরেই চলেছে হায়দরাবাদ
আইপিএলে ফের জয়ের সরণিতে ফিরল লখনউ সুপার জায়ান্টস। আজ লখনউয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় হারাল লোকেশ রাহুলের দল। এইডেন মার্করাম এসেও অরেঞ্জ আর্মিকে জয়ের মুখ দেখাতে পারলেন না। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেন ক্রুণাল পাণ্ডিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।

লখনউ সুপার জায়ান্টস এদিন ম্যাচ জিতল ৫ উইকেটে, চার ওভার বাকি থাকতেই। হসপিটালিটি বক্সে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জয়ের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছিলেন উৎসব পারেখও। লখনউয়ের ওপেনিং জুটিতে ওঠে ৩৫ রান। ৪.৩ ওভারে কাইল মেয়ার্স ১৪ বলে ১৩ রান করে আউট হন। ষষ্ঠ ওভারের শেষ বলে দলের ৪৫ রানের মাথায় আউট হন দীপক হুডা (৮ বলে ৭)।
এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন লোকেশ রাহুল ও ক্রুণাল পাণ্ডিয়া। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৪ রান করেন ক্রুণাল। তিনি ১২.২ ওভারে দলের ১০০ রানে সাজঘরে ফেরেন। ১৫তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুল আউট হন, দলের রান তখন ১১৪। চারটি চারের সাহায্যে রাহুলের সংগ্রহ ৩১ বলে ৩৫।

রোমারিও শেফার্ড লখনউয়ের হয়ে প্রথমবার নেমে আউট হলেন গোল্ডেন ডাক নিয়ে। রাহুল ফেরার পরের বলেই তাঁর উইকেটটি নেন আদিল রশিদ। যদিও ১৬তম ওভারের শেষ বলেই লক্ষ্যপূরণ করে ফেলে লখনউ। মার্কাস স্টইনিস ১৩ বলে ১০ ও নিকোলাস পুরাণ ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
আদিল রশিদ ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ২ ওভারে ১৯, ফজলহক ফারুকি ৩ ওভারে ১৩ ও উমরান মালিক ২ ওভারে ২২ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। এইডেন মার্করান নিজে বল করতে গিয়ে ২ ওভারে ১৪ রান দেন। ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ১১, টি নটরাজন ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেট পাননি।

এর আগে, সানরাইজার্সের হয়ে ৪১ বলে সর্বাধিক ৩৪ রান করেছিলেন রাহুল ত্রিপাঠী। আনমোলপ্রীত সিং ২৬ বলে ৩১, ওয়াশিংটন সুন্দর ২৮ বলে ১৬ রান করেন। ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ। ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। চার ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন অমিত মিশ্রষ যশ ঠাকুর ও রবি বিষ্ণোইয়ের ঝুলিতে ১টি করে উইকেট।
এদিনের জয়ের সুবাদে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ সুপার জায়ান্ট। ২ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসের। লখনউয়ের নেট রান রেট ১.৩৫৮, গুজরাতের ০.৭০০, পাঞ্জাবের ০.৩৩৩। রবিবার হায়দরাবাদে সানরাইজার্সের সামনে পাঞ্জাব কিংস। সোমবার লখনউ সুপার জায়ান্টস বেঙ্গালুরুতে খেলবে আরসিবির বিরুদ্ধে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications