IPL 2023: বিরাট সতীর্থদের উপর চটলেন, কেকেআর শিবিরে স্বস্তি, সদ্যোজাত সন্তানকে পুরস্কার উৎসর্গ বরুণের
আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে আরসিবির থেকে এগিয়ে কেকেআর। এমনকী চিন্নাস্বামী স্টেডিয়ামেও আরসিবির থেকে বেশি ম্যাচ জিতেছে নাইটরা। চলতি আইপিএলে টানা চারটি ম্যাচে হারের পর সেই আরসিবির বিরুদ্ধেই জিতল নীতীশ রানার দল।
এবারের আইপিএলে দুবারই আরসিবিকে হারাল কেকেআর। বেঙ্গালুরুতে স্পিনাররা খুব বেশি সাফল্য পান না। কিন্তু ইডেনে স্পিনের ত্রিফলায় আরসিবি বধ সেরেছিল নাইটরা। আজও কেকেআরের জয়ে অবদান রাখলেন স্পিনাররা।

আন্দ্রে রাসেলও বল হাতে দুটি উইকেট নিলেন। ৪ ওভার বল করলেন। বিরাট কোহলির উইকেটটিও তাঁর দখলেই। রাসেল বলেন, আমাদের এই জয়টা দরকার ছিল। জানতাম ২০০ তুলতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে। বল করার সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যে কোনওভাবে অবদান রাখতে চাই। ব্যাটিং নিয়েও আত্মবিশ্বাসী।

নাইট অধিনায়ক নীতীশ রানা বলেন, তিন-চারটি ম্যাচ ধরেই বলছি, দলগতভাবে ভালো খেললেই জয় আসবে। ড্রেসিংরুমে সকলেরই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ছিল। আজ বড় রান তুলে স্পিনের উপর ভরসা করেই জেতার পরিকল্পনা ছিল। সেটা হয়েছে। সুযশ শর্মা, জেসন রয়দেরও প্রশংসা করেন নীতীশ। কেকেআর শনিবার ইডেনে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী বলেন, এটাই ক্রিকেট। আগের ম্যাচে ৪৯ রান দিয়েছি। আজ ম্যাচের সেরার পুরস্কার পেলাম। নিখুঁত বোলিং করাই আমার ফোকাস থাকে। খুব বেশি বৈচিত্র্য রাখতে চাই না। অভিষেক নায়ার ও এসি প্রথিভানকে কৃতিত্ব দিচ্ছি। আমার স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে পুরস্কার উৎসর্গ করছি। আইপিএলের পর পরিবারের সঙ্গে দেখা হবে।

আরসিবি অধিনায়ক বিরাট কোহলি অবশ্য যারপরনাই বিরক্ত। নীতীশ রানার জোড়া ক্যাচ ফেলার খেসারৎ দিতে হয়েছে আরসিবিকে। ব্যাটিংও ভালো হয়নি। কোহলির কথায়, আমরা ম্যাচটা কেকেআরের হাতে তুলে দিলাম। আমরা যোগ্য হিসেবেই হেরেছি। পেশাদারিত্বের সঙ্গে খেলতে পারিনি। বোলিং ভালো হয়েছে। কিন্তু ফিল্ডিং ভালো হয়নি।
কোহলি বলেন, দুটি ক্যাচ ফেলায় অতিরিক্ত ২৫-৩০ রান হয়েছে। ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি। কিন্তু চার-পাঁচটি বাজে আউট সমস্যা তৈরি করে দেয়। উইকেট নেওয়ার মতো বল নয়, এমন ক্ষেত্রেও সোজা ফিল্ডারদের হাতে ক্যাচ দিলেন ব্যাটাররা। একটা পার্টনারশিপ ম্যাচে ফেরাতে পারতো। সেটাও হয়নি। প্লে-অফে যাওয়া কিছুটা কঠিন হলো, মানছেন বিরাট।
৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচে আরসিবি। কেকেআর ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এলো সাতে। সোমবার আরসিবির সামনে লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications