IPL 2023: ক্লাসেন একাই ১০৪! আরসিবির সামনে ১৮৭ রানের টার্গেট দিল সানরাইজার্স
হেইনরিখ ক্লাসেনের ব্যাট থেকে এলো চলতি আইপিএলের সপ্তম শতরান। ইডেনে কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শতরান করেছিলেন হ্যারি ব্রুক। আজ হায়দরাবাদের উপ্পলে আরসিবির বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন হেইনরিখ ক্লাসেন।
বলা ভালো একা কুম্ভ রক্ষা করলেন তিনিই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে সানরাইজার্স। ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ক্লাসেন। আরসিবির বোলারদের মধ্যে সফলতম মাইকেল ব্রেসওয়েল নিয়েছেন ২টি উইকেট।

প্রথম ৬ ওভারের মধ্যে মাত্র দুটি উইকেট হারিয়েছিল সানরাইজার্স। পঞ্চম ওভারের প্রথম ও তৃতীয় বলে দুই ওপেনারের উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। অভিষেক শর্মা ১৪ বলে ১১ রান করে আউট হন। ২৭ রানে পড়ে প্রথম উইকেট। এরপর ২৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। রাহুল ত্রিপাঠী ১২ বলে ১৫ করে সাজঘরে ফেরেন।

এরপর হেইনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক এইডেন মার্করাম। বেশি আক্রমণাত্মক ছিলেন মার্করামের দেশের সতীর্থ ক্লাসেন। ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪৯। ৬.১ ওভারে ৫০ ও ১১.৫ ওভারে ১০০ রান পূর্ণ হয়। ১২.৫ ওভারে ১০৪ রানে পড়ে তৃতীয় উইকেট।

২০ বলে ১৮ করে মার্করাম আউট হন। তাঁকে বোল্ড করে দেন শাহবাজ আহমেদ। এরই মধ্যে ২৪ বলে অর্ধশতরান করে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ক্লাসেন। তাঁর শতরানটি আসে ৪৯ বলে। ডেভিড ওয়ার্নারের পর উপ্পলে হায়দরাবাদের জার্সিতে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন ক্লাসেন।

১৮.৫ ওভারে ১৭৮ রানে ক্লাসেনকে থামাতে সক্ষম হয় আরসিবি। ৫১ বলে ১০৪ রানের ইনিংসে আটটি চার ও ৬টি ছয় মেরেছেন ক্লাসেন। স্পিনারদের বিরুদ্ধে তিনি ২৯ বলে ৭০ রান করেছেন।

পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে। স্পিনারদের বিরুদ্ধে তাঁর দাপট দেখে আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স তাঁকে স্পিনারদের বিরুদ্ধে অন্যতম সেরা ব্যাটার হিসেবে অভিহিত করেছেন।

হায়দরাবাদ ইনিংসের শেষ বলে গ্লেন ফিলিপস আউট হন। শেষ ওভারে মাত্র ৪ রান দেন সিরাজ। শেষ পাঁচ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান তোলে সানরাইজার্স। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক।

ব্রেসওয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। শাহবাজ আহমেদ ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১টি উইকেট। নিজের শহরে আজ সিরাজ ১টি উইকেট দখল করেছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications