IPL 2023: লখনউ সুপার জায়ান্টসের মূল শক্তি একঝাঁক অলরাউন্ডার, নজরে রাহুলের ফর্ম
আইপিএলে গত বছর থেকে যোগ হয়েছে দুটি দল। গুজরাত টাইটান্স আবির্ভাবেই চ্যাম্পিয়ন। লিগ পর্যায়ে ভালো পারফরম্যান্স করলেও প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে। কোর টিম ধরে রেখে নিলাম থেকে প্রয়োজনীয় জায়গা ভরাট করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল।

প্রথমবার প্লে-অফে, এবার লক্ষ্য খেতাব
গত বছরের আইপিএলে পয়েন্ট তালিকার প্রথম অথবা দ্বিতীয় স্থান দীর্ঘ সময় ধরে রাখলেও শেষের দিকে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের কাছে টানা দুটি ম্যাচ হেরে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল লখনউ। নেট রান রেটের নিরিখে দ্বিতীয় স্থানের দখল নেয় রাজস্থান। ১৪টি ম্যাচের মধ্যে লখনউ জিতেছিল ৯টিতে, হার ৫টিতে। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ছিটকে যায় রাহুলের দল।

সামান্য রদবদল
লখনউ সুপার জায়ান্টস এবারের নিলামে ১৬ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে নিকোলাস পুরাণকে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক যেমন ফিনিশারের ভূমিকা পালন করতে পারবেন, তেমনই উইকেটকিপিংও করতে পারেন। মহসিন খান চোটের কারণে আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না। আদৌ গোটা আইপিএলেই খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। ফলে তাঁর বিকল্প হতে পারেন জয়দেব উনাদকাট।

অলরাউন্ডার ফ্যাক্টর
লখনউ সুপার জায়ান্টসের বড় শক্তি দলে একঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি। দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে রয়েছেন রোমারিও শেফার্ড, মার্কাস স্টইনিস, ড্যানিয়েল স্যামস, কাইল মেয়ার্স। তাঁদের মধ্যে দুজন অফস্পিন করতে পারেন, বাঁহাতি স্পিনারের পাশাপাশি তিনজন ডানহাতি মিডিয়াম পেসার রয়েছেন, আছেন বাঁহাতি পেসারও। মার্ক উড, আবেশ খানদের সমীহ করতে বাধ্য প্রতিপক্ষ দলগুলি। রঞ্জি ট্রফিতে ভালো খেলে ভারতীয় দলে ডাক পাওয়া উনাদকাটের অভিজ্ঞতাও কাজে লাগবে।

নজরে রাহুল
নজর থাকবে অধিনায়ক লোকেশ রাহুলের দিকে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন। টি ২০ আন্তর্জাতিকেও চেনা ছন্দে নেই। একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য যেভাবে ব্যাটিং করেছেন তা ইতিবাচক। রাহুলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে আইপিএলের পারফরম্যান্স।

দলে ভারসাম্য, বিকল্পও একাধিক
স্টইনিস, ডি কক ও পুরাণের সঙ্গে কোন বিদেশি একাদশে থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন ডি কক। ফলে প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। লখনউয়ে প্রথম ম্যাচ খেলে চেন্নাই গিয়ে ফের লখনউয়ে খেলা। আইপিএলের শুরুতে রাহুলদের ৭ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে। প্রথম ৬টি ম্যাচ সন্ধেয় শুরু, ফলে ডিউ ফ্যাক্টর থাকবে। টসের পর দল বাছার নিয়ম থাকায় সুবিধাই হবে।
লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), আবেশ খান, আয়ুষ বাদোনি, কুইন্টন ডি কক (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, প্রেরক মাঁকড়, কাইল মেয়ার্স, অমিত মিশ্র, মহসিন খান, নবীন উল হক, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), রবি বিষ্ণোই, ড্যানিয়েল স্যামস, করণ শর্মা, রোমারিও শেফার্ড, মার্কাস স্টইনিস, স্বপ্নিল সিং, জয়দেব উনাদকাট, মনন ভোরা, মার্ক উড, ময়াঙ্ক যাদব, যশ ঠাকুর, যুধবীর সিং।












Click it and Unblock the Notifications