IPL 2023: আইপিএলে ইডেনে মহারণ! কেকেআর ও আরসিবি একাদশে থাকতে পারেন কারা?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ইডেনে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বৃহস্পতিবার নাইটদের প্রথম হোম ম্যাচে কিন্তু শক্তি ও ফর্মের নিরিখে ফেভারিট হিসেবেই নামবে আরসিবি। নীতীশ রানার দলের বড় দুই বাজি হতে পারেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।
ইডেনের সামনে অপেক্ষমান ভক্তরা ওয়েস্ট ইন্ডিজের এই দুই তারকাকে নিয়েই বেশি উচ্ছ্বাস দেখালেন। এদিন একই সময় পাশাপাশি অনুশীলন করল কেকেআর ও আরসিবি। বিরাট কোহলির প্র্যাকটিস দেখতেই উপচে পড়ল ভিড়। কোহলি নেটে ছিলেন আগ্রাসী মেজাজেই।

সেন্টার উইকেটের পাশেই ছিল অনুশীলনের বন্দোবস্ত। ঘুরিয়ে ফিরিয়ে মাঠের দুই জায়গাতেই অনুশীলন সারলেন ক্রিকেটাররা। তবে বিরাট যে মেজাজে ব্যাট করলেন তাতে কেকেআর শিবির চিন্তিত হতে বাধ্য। গ্লেন ম্যাক্সওয়েল নেটে স্পিন বোলিং সামলালেন। কেকেআর অধিনায়ক নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজরাও নেটে অনেকটা সময় কাটালেন।
ওয়ানিন্দু হাসারঙ্গা আসেননি। জশ হ্যাজলউড মাঠের বাইরে। আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রজত পাটীদার। কাঁধের হাড় সরায় রিস টপলি কবে মাঠে নামতে পারবেন সেটাও স্পষ্ট নয়। ইডেনে টপলির জায়গায় একাদশে আসতে পারেন ডেভিড উইলি। এ ছাড়া আরসিবি একাদশে রদবদলের কোনও আভাস নেই।

কলকাতা নাইট রাইডার্স শাকিব আল হাসানের জায়গায় জেসন রয়কে নিলেও তিনি রবিবার আমেদাবাদ ম্যাচের আগে এসে পৌঁছতে পারবেন না। কেকেআর শিবিরে সমস্যা এখানেই শেষ নয়। লিটন দাস আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে তবেই আসবেন। লকি ফার্গুসনও এখনও পুরো ফিট নন। নেটে অর্ধেক রান-আপে বোলিং করছেন। ফলে কেকেআর হোম ম্যাচে পিছিয়েই শুরু করবে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারই করেনি। রান তাড়া করার সময় মহম্মদ সিরাজের জায়গায় সুযজ প্রভুদেশাই বা অনুজ রাওয়াত নামতে পারেন। আকাশ দীপ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে যে জোর দিচ্ছেন সে কথা আজ জানিয়েছেন।

কেকেআর আগের ম্যাচে রান তাড়া করতে গিয়ে বরুণ চক্রবর্তীর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। কালও সেই পন্থা নিতেই পারে নাইট শিবির। প্রথমে ব্যাট করলে মনদীপ সিংয়ের জায়গায় কোনও বোলারকে পরে নামাতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
কেকেআর প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- মনদীপ সিং, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর বা কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব, টিম সাউদি। কেকেআর প্রথমে বোলিং করলে বরুণ চক্রবর্তীর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন রিঙ্কু সিং।

প্রথমে বোলিং করলে আরসিবির একাদশ হতে পারে এরকম- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, আকাশ দীপ, ডেভিড উইলি, করণ শর্মা, মহম্মদ সিরাজ।

ক্রিকেটের নন্দনকাননে স্পোর্টিং পিচ হতে চলেছে। পেসাররা ইডেনের উইকেটে প্রথমদিকে ফায়দা পাবেন বলে আশাবাদী আরসিবি দলে খেলা বাংলার পেসার আকাশ দীপ। তবে স্পিনাররাও সাহায্য পাবেন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার চ্য়ালেঞ্জ সামলাতে হবে ক্রিকেটারদের। প্রথম দিকে বোলাররা স্যুইং করাতে পারেন। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে রান তাড়া করতে চাইবে টস জেতা দল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications