IPL 2023: ইডেনে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল কেকেআর, একাদশে কারা?
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামছে লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে এই প্রথম কেকেআর-লখনউ দ্বৈরথ। গত বছর দুটি সাক্ষাতেই নাইটদের হারিয়েছিল লখনউ। প্লে-অফে যেতে সেই ধারা বজায় রাখতে হবে ক্রুণাল পাণ্ডিয়াদের।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস জেতার পর লখনউয়ের কাছে স্পষ্ট হয়ে যাবে কী করলে ম্যাচ জেতার সঙ্গে নেট রান রেটে টেক্কা দেওয়া যাবে মহেন্দ্র সিং ধোনির দলকে। প্রথম দুইয়ে থাকা দল খেলবে কোয়ালিফায়ার-১। এতে হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ মিলবে।

১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে যদি কোনও একটি দল যায় তাতে আজ জিতলেও নাইটদের প্লে-অফে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। মিরাকলের প্রয়োজন। রাজস্থান রয়্যালসের নেট রান রেট ০.১৮০। টস জিতে ফিল্ডিং নিল কেকেআর। বড় ব্যবধানে জেতার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানালেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা।
ইডেনে লখনউ সুপার জায়ান্টস খেলছে মোহনবাগানের ঐতিহ্যশালী সবুজ-মেরুন জার্সি পরে। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার এটিকে মোহনবাগান এবার আইএসএল জিতেছে। কেকেআর ম্যাচে বাঙালিদের ঐতিহ্য, আবেগকে সম্মান দিতেই সবুজ মেরুন জার্সিতে নামানো হচ্ছে ক্রুণালদের।

উইকেট দেখে ম্যাথু হেডেন আশাবাদী আজও ক্রিকেটের নন্দনকাননে ২০০ বা তার বেশি রান উঠতেই পারে।নীতীশ রানা জানালেন, পজিটিভ ক্রিকেট খেলে মাথা উঁচু করেই আজ স্টেডিয়াম ছাড়তে চান। রিঙ্কু সিং-সহ একাধিক ব্যাটারের প্রশংসা করে নীতীশ বলেন, এবার আমাদের অনেক কিছুই পজিটিভ দিক রয়েছে। অনেক কিছু শেখার রয়েছে।

ক্রুণাল পাণ্ডিয়া বলেন, আমরা পয়েন্ট তালিকায় যেখানে রয়েছি তাতে কত রান তোলা যায়, কীভাবে সেই পুঁজি নিয়ে জেতা যায়, সবমিলিয়ে আমাদের ভবিতব্য নিজেদের হাতেই। কেকেআরের একাদশ অপরিবর্তিত। দীপক হুডার জায়গায় করণ শর্মা এবং স্বপ্নিল সিংয়ের জায়গায় কৃষ্ণাপ্পা গৌতম খেলছেন।

কলকাতা নাইট রাইডার্স- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা, মনদীপ সিং, অনুকূল রায়, এন জগদীশান, ডেভিড উইসে।
লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, প্রেরক মাঁকড়, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), কৃষ্ণাপ্পা গৌতম, করণ শর্মা, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসীন খান। ইমপ্যাক্ট সাব- যশ ঠাকুর, ড্য়ানিয়েল স্যামস, যুধবীর সিং, দীপক হুডা, কাইল মেয়ার্স।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications