IPL 2023: কেকেআর কোচ বিতর্ক সরিয়ে লখনউ ম্যাচেই ফোকাস রাখছেন, খোলসা করলেন না রণকৌশল
আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে রয়েছে লখনউ। কেকেআর কাল জিততে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পাবে। তাতে প্লে-অফ নিশ্চিত হবে না।
হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআরের শেষ চারে যাওয়ার বিষয়ে এখনও আত্মবিশ্বাসী। নাইটদের নেট রান রেট মাইনাস (-) ০.২৫৬। ফলে প্রথম শর্তই হলো কেকেআরকে বড় ব্যবধানে জিততে হবে। তারপর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলগুলির দিকে।

চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসকে ধরা কেকেআরের পক্ষে সম্ভব নয়। দুই দলই ১৫ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে। মুম্বই ইন্ডিয়ান্সকে রবিবার যদি সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে দেয় এবং তারপর গুজরাত টাইটান্স অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে হারিয়ে দেয় তাহলে ১৪ পয়েন্ট নিয়েও একটি দলের শেষ চারে যাওয়া সম্ভব হবে।
মুম্বই ইন্ডিয়ান্সের ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে, নেট রান রেট -০.১২৮। রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের মধ্যে কোনও একটি দল আজ ১৪ পয়েন্টে পৌঁছবে। রয়্যালসের নেট রান রেট ০.১৪০, পাঞ্জাব কিংসের -০.৩০৮। আরসিবির নেট রান রেট ০.১৮০। ফলে এটা স্পষ্ট, ১৪ পয়েন্ট থাকা দল শেষ চারে গেলে কেকেআরের সম্ভাবনা কঠিন।

চন্দ্রকান্ত পণ্ডিত আজ ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি দলকে পরামর্শ দিয়েছেন পয়েন্ট তালিকার দিকে না তাকিয়ে খেলতে। জেতাটাই বড় কথা। পণ্ডিতের আশা, হিসেব কষে জয় ছিনিয়েই কেকেআর শেষ অবধি প্লে-অফে জায়গা করে নেবে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রণকৌশলও গোপনই রাখলেন তিনি।
পণ্ডিত চান জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। মানছেন, দলের শক্তি অনুযায়ী প্রত্যাশিত সাফল্য আসেনি। লিগের শেষ ম্যাচে আরও ভালো পারফরম্যান্সের আশা রয়েছে। প্রতিপক্ষ দলে রয়েছেন কেকেআরকে জোড়া আইপিএল খেতাব জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর। লখনউ মেন্টরকে সমীহ করলেও তাঁর উপস্থিতি ম্যাচে ফ্যাক্টর হবে না বলেই দাবি পণ্ডিতের।

নীতীশ রানা ইডেনে হোম অ্যাডভান্টেজ না পাওয়া নিয়ে আঙুল তুলেছিলেন উইকেটের দিকে। এ প্রসঙ্গে পণ্ডিতের দাবি, নীতীশের কথা বুঝতে ভুল হয়েছে। এটা ঠিক, আমরা হোম ম্যাচে যে পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম তা হয়নি। এবার অনেক দলই নিজেদের হোম ম্যাচ হেরেছে। তাছাড়া পিচের চরিত্র শুধু ইডেন নয়, সব জায়গাতেই পরিবর্তন হয়েছে।

শার্দুল ঠাকুরকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল নাইটদের। নিলামের আগে তাঁকে দলে নেওয়া হয়েছিল। শার্দুল চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তাঁকে যথাযথভাবে ব্যবহার করা হয়নি, এই অভিযোগ মানতে চাননি চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বলেন, ইডেনেও ব্যাট হাতে জিতিয়েছেন শার্দুল। সব সময় সকলের সমান যায় না।
আইপিএলে গত বছর দুবারই লখনউয়ের কাছে হেরেছিল কেকেআর। এবার প্রথম জয় ছিনিয়ে নাইটরা শেষ চারে যেতে পারে কিনা তা স্পষ্ট হয়ে যাবে দ্রুতই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications