IPL 2023: শাহরুখ-জুহির সামনে কেকেআরের সুহানা জয়, বিরাট পরাজয়ের সম্মুখীন আরসিবি
আইপিএলে জয়ের সরণিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথম হোম ম্যাচেই উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এদিন ম্যাচের শুরুটা কিন্তু ভালো হয়নি কেকেআরের। শার্দুল ঠাকুর ও রিঙ্কু সিংয়ের শতরানের পার্টনারশিপের পর জয়ের ফ্যাক্টর হলো স্পিনারদের দাপট।
সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ধস নামিয়েছিলেন। বেসামাল ব্যাটিং লাইন আপের অস্বস্তি আরও বাড়িয়ে আইপিএল অভিষেকে তিন উইকেট তুলে নিলেন দিল্লির ক্রিকেটার সুযশ শর্মা। ব্যাটে-বলে কামাল দেখালেন শার্দুল ঠাকুর। বরুণ নেন চার উইকেট।

জয়ের জন্য আরসিবির টার্গেট ছিল ২০৫ রান। ৪.৫ ওভারে ৪৪ রানে প্রথম উইকেট পড়ে আরসিবির। স্কোরবোর্ডে ৬১ রান ওঠার ফাঁকে আরও চারটি উইকেট পড়ে যায়। তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২১ রান করে বোল্ড হন বিরাট কোহলি। ২টি করে চার ও ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রানে ফেরেন ফাফ দু প্লেসি। তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড।
গ্লেন ম্যাক্সওয়েল ও হর্ষল প্যাটেলকেও বোল্ড করে দেন বরুণ। ম্যাক্সওয়েল ৭ বলে ৫ ও হর্ষল ২ বল খেলে শূন্য রানে ফেরেন। ৫ বলে ১ রান করে সুনীল নারিনের দ্বিতীয় শিকার শাহবাজ আহমেদ। ১টি করে চার ও ছয়ের সাহায্যে ১৮ বলে ১৯ রান করে মাইকেল ব্রেসওয়েল শার্দুল ঠাকুরের বলে নীতীশ রানার হাতে ক্যাচ দেন।
মহম্মদ সিরাজের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অনুজ রাওয়াতকে নামিয়েছিল আরসিবি। তিনি ৫ বলে ব্যক্তিগত ১ রানে সুযশ শর্মার আইপিএল কেরিয়ারের প্রথম শিকার। সুযশ আউট করেন দীনেশ কার্তিক (৮ বলে ৯)-কেও। ১২.৫ ওভারে ৮৬ রানে অষ্টম উইকেট হারায় আরসিবি।
৯৬ রানে নবম উইকেট পড়ার পর শেষ অবধি ১৭.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আরসিবি। ৯৬ রানে নবম উইকেট পড়ার পর শেষ অবধি ১৭.৪ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় আরসিবি। আকাশ দীপ ৮ বলে ১৭ রান করেন। তিনি বরুণের চতুর্থ শিকার। বরুণ চক্রবর্তী ৩.৪ ওভারে ১৫ রানের বিনিময়ে নিলেন চারটি উইকেট। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট সুযশের। সুনীল নারিন ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে নিলেন ২টি উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। ১১.৩ ওভারে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়েছিল কেকেআর। সেখান থেকে দলের পরিত্রাতা হয়ে ওঠেন শার্দুল ঠাকুর। ৯টি চার ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি ২৯ বলে ৬৮ রান করেন। যা চলতি আইপিএলে যুগ্ম দ্রুততম অর্ধশতরান।
ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫৭ রান করেন। দুটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪৬ রান করেন রিঙ্কু সিং। তবে ভেঙ্কটেশ আইয়ার (৩), মনদীপ সিং (০), নীতীশ রানা (১) ও আন্দ্রে রাসেল (০) হতাশ করলেন। ডেভিড উইলি ও কর্ণ শর্মা দুটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ, মাইকেল ব্রেসওয়েল এবং হর্ষল প্যাটেল একটি করে উইকেট পেয়েছেন।

এদিন ইডেনে ম্যাচ দেখতে কন্যা সুহানাকে নিয়ে এসেছিলেন শাহরুখ খান। জুহি চাওলা, জয় মেহতারাও ছিলেন। মাঠে ক্রিকেটাররা দারুণভাবে কামব্যাক করলেন। তবে লাকি ম্যাসকট নিশ্চিতভাবেই কিং খান। চলতি আইপিএলে তিনি মাঠে আসতেই জয়ের মুখ দেখল কেকেআর। ম্যাচের শেষে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন শাহরুখ। পাঠানের গানের নাচে কিং কোহলি ও কিং খানকে একসঙ্গে নাচতেও দেখা গেল। এরপর শাহরুখ খান ইডেন প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন।












Click it and Unblock the Notifications