IPL 2023: জেসন রয়ের টানা দ্বিতীয় অর্ধশতরান, আইপিএলে কেকেআরের পাওয়ারপ্লে-র সেরা পারফরম্যান্স
আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় রান তোলার আশা জাগাল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। ব্যাট করতে নেমেই ঝড় তোলেন জেসন রয়।
ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মিডল অর্ডারে নেমে ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সেদিন তিনি খেলেন ৬১ রানের ইনিংস। আজ রয়ের অর্ধশতরানটি এসেছে ২২ বলে। তিনটি ম্যাচ খেলে টানা দুটিতে অর্ধশতরান ব্রিটিশ ওপেনারের।

ষষ্ঠ ওভারে শাহবাজ আহমেদ বল করতে যান। তখন ১৫ বলে ২৪ রানে ব্যাট করছিলেন জেসন। প্রথম বলে ১ রান নেন এন জগদীশান। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে চারটি ছক্কা হাঁকান জেসন রয়। ফলে ৬ ওভারে নাইটদের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৬৬ রান। চলতি আইপিএলে এটি কেকেআরের সেরা পাওয়ারপ্লে পারফরম্যান্স।
মোহালিতে কেকেআর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাওয়ারপ্লের ৬ ওভারে তুলেছিল ৩ উইকেটে ৪৬। ইডেনে আরসিবির বিরুদ্ধে ২ উইকেটে ৪৭। মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে কেকেআর তোলে ২ উইকেটে ৫৭। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩ উইকেটে ৬২। এই প্রথম সবচেয়ে বেশি রান উঠল, কোনও উইকেট না হারিয়েই।

চলতি আইপিএলে পাওয়ারপ্লেতে আরসিবি এদিনই সবচেয়ে খারাপ পারফরম্যান্স উপহার দিল। এর আগে বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে ৫৩ রান দেয় আরসিবি। মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খরচ করে ৪৯ রান, ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৪৭ এবং বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৭ রান দিয়েছিলেন আরসিবি বোলাররা।
২০২২ সাল থেকে এই অবধি কেকেআর ১১জন ওপেনারকে খেলাল। জেসন রয় ভরসা দিতে শুরু করেছেন। যদিও পরের চার ওভারে কিছুটা রাশ নিতে পেরেছে আরসিবি। দশম ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে দুই নাইট ওপেনারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন বিজয়কুমার ভাইশাক।

জেসন রয় ছন্দে থাকলেও নারায়ণ জগদীশান মোটেই স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তিনি চারটি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান করে ডেভিড উইলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮১ রানে ভাঙে ওপেনিং জুটি। ৮৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৬ রান করে বোল্ড হন রয়।
স্লো ব্যাটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন জগদীশান। কেকেআরের ৫০ রান পূর্ণ হয়েছিল ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। ১০০ রানে নাইটরা পৌঁছয় ১১.৪ ওভারে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications