IPL 2023: ঈশান-সূর্যর শতরানের পার্টনারশিপ, দুরন্ত ফিনিশ তিলক-ডেভিডের! পাঞ্জাবকে হারাল মুম্বই
ওয়াংখেড়েতে হয়নি ১৩ রানের জন্য। যদিও ২১৫ রানের টার্গেট তাড়া করে মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে মধুর প্রতিশোধ নিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের ঝুলিতেও এখন ১০ পয়েন্ট। জমে গেল প্লে-অফের লড়াইও।
মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। জয়ের ভিত গড়ল সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের জুটিতে ৫৫ বলে ১১৬ রানের পার্টনারশিপ। বাকি কাজটা দারুণভাবে সারলেন তিলক বর্মা ও টিম ডেভিড। ফিনিশারের ভূমিকায় তাঁরা দলকে ভরসা দিলেন।

প্রথম ওভারের তৃতীয় বলেই রোহিত শর্মার উইকেট তুলে নেন ঋষি ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমে তিন বলে শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত। বাউন্ডারি লাইনের ধারে দারুণভাবে ক্যাচ তালুবন্দি করেন ম্যাথু শর্ট। ০ রানে প্রথম উইকেট পড়ে।

ষষ্ঠ ওভারের শেষ বলে ক্যামেরন গ্রিনকে প্যাভিলিয়নে ফেরান নাথান এলিস। ১৮ বলে ২৩ রান করে ক্যামেরন গ্রিন আউট হন দলের ৫৪ রানে। এরপরই সূর্য-ঈশাণের ম্যাচ জেতানো পার্টনারশিপ। ষোড়শ ওভারের প্রথম বলে সূর্যকে আউট করেন এলিস। ১৭তম ওভারের প্রথম বলে অর্শদীপ সিংয়ের শিকার হন ঈশান।

মুম্বই ইন্ডিয়ান্স জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৮.৫ ওভারে। জয় এলো ছয় উইকেটে। তিলক বর্মা ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০ বলে ২৬ ও টিম ডেভিড তিনটি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৯ রান করে অপরাজিত রইলেন। এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এলো।

নাথান এলিস ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। ঋষি ধাওয়ান ৩ ওভারে ২০ ও অর্শদীপ সিং ৩.৫ ওভারে ৬৬ রান দিয়ে ১টি করে উইকেট পান। রাহুল চাহার ৩ ওভারে ৩০, হরপ্রীত ব্রার ২ ওভারে ২১ ও স্যাম কারান ৩ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি।

এর আগে, পাঞ্জাব কিংস ৩ উইকেটে ২১৪ রান তোলে। লিয়াম লিভিংস্টোন সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। তাঁরা ৫৩ বলে ১১৯ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন।
প্রভসিমরণ সিং ৯, শিখর ধাওয়ান ৩০ ও ম্যাথু শর্ট ২৭ রান করেছিলেন। পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি ও আর্শাদ খান ৪ ওভারে ৪৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল গুজরাত। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে লখনউ ও তিনে চেন্নাই। মুম্বই, পাঞ্জাবের পাশাপাশি রাজস্থান ও আরসিবিরও রয়েছে ১০ পয়েন্ট। পাঞ্জাব ১০টি ও বাকি তিনটি দল ৯টি করে ম্য়াচ খেলেছে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেট রান রেটের নিরিখে সাতে নামল পাঞ্জাব।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications