IPL 2023: আইপিএলের ষোড়শ সংস্করণের আকর্ষণীয় বিষয়! নতুন কোন অভিজ্ঞতার সাক্ষী হবেন ক্রিকেটপ্রেমীরা?
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। ২০০৮ সালে শুরু হওয়া এই লিগ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথম সারিতে। এবার ষোড়শ সংস্করণের আইপিএলে থাকছে বেশ কিছু নতুন বিষয়। বাড়ছে ব্যাপ্তি। করোনাকাল কাটিয়ে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান এবং হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলা। একনজরে এবারের আইপিএলের আকর্ষণীয় কিছু বিষয়ে নজর রাখা যাক।

আইপিএলের আকর্ষণীয় বিষয়
চলতি বছরের আইপিএলে ৫২ দিনের মধ্যে হবে গ্রুপ পর্বের ৭০টি খেলা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা অরিজিৎ সিংয়ের। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএল দেশের মাটিতে হবে হোম ও অ্যাওয়ে ফরম্য়াটে। লিগ পর্যায়ের খেলা চলবে ২১ মে পর্যন্ত। ২৮ মে ফাইনাল খেলাটিও হবে আমেদাবাদেই।

১ হাজারতম ম্যাচ
লিগ পর্যায়ের ম্যাচ, দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল নিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। রয়েছে মোট ১৮টি ডাবল হেডার বা একই দিনে দুটি ম্যাচ। ডাবল হেডারের প্রথম ম্য়াচ শুরু বিকেল সাড়ে ৩টেয় এবং পরের ম্য়াচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। শনি ও রবিবার হবে ডাবল হেডার। মে মাসের ৬ তারিখ আইপিএলের ১০০০তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে ম্যাচ।

হোম ও অ্যাওয়ে দেশের মাটিতে ২০১৯-এর পর
আইপিএলে ১০টি দল রয়েছে। খেলা হবে মোট ১২টি শহরে। গুয়াহাটি ও ধরমশালায় খেলা হবে। রাজস্থান রয়্যালসের জন্য গুয়াহাটি এবং পাঞ্জাব কিংসের জন্য ধরমশালাকে বেছে নেওয়া হয়েছে দ্বিতীয় 'হোম' হিসেবে। রাজস্থান রয়্যালস তাদের প্রথম দুটি হোম ম্যাচ খেলবে গুয়াহাটিতে, পাঞ্জাব শেষ দুটি হোম ম্যাচ খেলবে ধরমশালায়। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, লখনউ, দিল্লি, আমেদাবাদ, জয়পুর ও মোহালিতে হবে আইপিএলের বাকি ম্যাচগুলি।

গ্রুপ পর্বের খেলায় অভিনবত্ব
গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিটি দল অন্য গ্রুপের পাঁচটি দলের বিরুদ্ধে ২ বার করে এবং নিজেদের গ্রুপের চারটি দলের সঙ্গে একবার করে খেলবে।

ধোনির শেষ আইপিএল?
মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলেই সম্ভবত ক্রিকেটার হিসেবে মাঠে থাকবেন বলে মনে করা হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি আগেই বলেছেন, ক্রিকেটার হিসেবে তাঁর শেষ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। ফলে চিপক তো বটেই, ভারতের সব মাঠেই ধোনির জন্য মাঠ ভরবে বলে আশা। আইপিএলের প্রাইজমানি ২০ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন দল ২০ কোটি, বিজিত দল ১৩ কোটি, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল যথাক্রমে ৭ কোটি ও সাড়ে ছয় কোটি টাকা পেয়েছিল।












Click it and Unblock the Notifications