IPL 2023: লখনউয়ের সামনে ১৩৬ রানের টার্গেট দিল গুজরাত, ব্যাট হাতে সফল হার্দিক-ঋদ্ধি
আইপিএলে আজ ডাবল হেডারের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে হারাতে লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন রান। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারে গুজরাত ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে।
হার্দিক পাণ্ডিয়া অধিনায়কোচিত অর্ধশতরান করলেন। তিন রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় ঋদ্ধিমান সাহার। ২টি করে উইকেট নিয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া ও মার্কাস স্টইনিস।

পিচ রিপোর্ট দিতে গিয়েই বিশেষজ্ঞরা বলেছিলেন, ম্যাচ লো স্কোরিং হবে। এই পিচে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের ম্যাচও লো স্কোরিং হয়েছিল। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে হার্দিক বলেছিলেন, পিচ দেখে মন্থর মনে হচ্ছে। তা আরও মন্থর হওয়ার আগে পর্যাপ্ত রান তোলাই লক্ষ্য।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শুভমান গিল আউট হন দলের ৪ রানের মাথায়। ২ বল খেলে ক্রুণালের শিকার হন শুভমান। এরপর হার্দিকের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা ৬৮ রান যোগ করেন।

ঋদ্ধিমান সাহাকে ১০.৩ ওভাপে ক্রুণাল পাণ্ডিয়াই সাজঘরে ফেরত পাঠান। ৬টি চারের সাহায্যে ৩৭ বলে ৪৭ রান করেন ঋদ্ধিমান। স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ হওয়ার ফাঁকে অভিনব মনোহর ও বিজয় শঙ্করের উইকেট হারায় গুজরাত। মনোহর ৫ বলে ৩ ও বিজয় ১২ বলে ১০ রান করেন। ৭৭ রানে তৃতীয় ও ৯২ রানে চতুর্থ উইকেট পড়েছিল।
গুজরাতের ৫০ রান পূর্ণ হয় ৮ ওভারে। ১০০ রান আসে ১৬.৫ ওভারে। হার্দিক পাণ্ডিয়া হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৪ বলে। ১৮তম ওভারে রবি বিষ্ণোইয়ের তৃতীয় বলে চার ও পরের দুটি বলে ছক্কা হাঁকান গুজরাত টাইটান্স অধিনায়ক। শেষ ওভারের দ্বিতীয় বলে হার্দিকের উইকেটটি তুলে নেন মার্কাস স্টইনিস।

হার্দিক ২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫০ বলে ৬৬ রান করেন। শেষ বলে স্টইনিসের দ্বিতীয় শিকার হন ডেভিড মিলার। তিনি ১২ বলে ৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। স্টইনিস ৩ ওভারে ২০ রান খরচ করে নেন ২টি উইকেট পান। নবীন উল হক ও অমিত মিশ্র পেয়েছেন ১টি করে উইকেট।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications