IPL 2023: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম জয়ের সন্ধানে রাজস্থান রয়্যালস, একাদশ কেমন হতে পারে?
আইপিএলে আজ গত বছরের ফাইনালের দ্বৈরথ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এখনও অবধি এই দুই দল তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে গুজরাত। ফলে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে রাজস্থান।
গ্রুপ পর্যায়ে গত বছর রাজস্থানকে প্রথম ৩৭ রানে হারিয়েছিল হার্দিক পাণ্ডিয়ার দল। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারায় সঞ্জুদের। ফাইনালে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স।

চলতি আইপিএলে গুজরাত ও রাজস্থান চারটি করে ম্যাচ খেলেছে। দুই দলই জিতেছে তিনটিতে, ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটের নিরিখে গুজরাত (১.৫৮৮) রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লখনউ (০.৭৬১)। গুজরাত টাইটান্স তিনে রয়েছে, নেট রান রেট ০.৩৪১। আজ জিতলেই হার্দিকরা রাজস্থানকে সরিয়ে শীর্ষে চলে যেতে পারবেন।
দুই দলই খেলতে নামছে আগের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে। গুজরাত টাইটান্স হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। রাজস্থান রয়্যালস হারিয়ে এসেছে চেন্নাই সুপার কিংসকে। আগের ম্যাচে ট্রেন্ট বোল্ট হাল্কা চোট থাকায় খেলতে পারেননি। তিনি এদিনের ম্যাচে নামতে পারবেন কিনা সেদিকে নজর রয়েছে। তিনি দলে এলে কুলদীপ সেন বাইরে যাবেন। অ্যাডাম জাম্পার উপরও কোপ পড়তে পারে।

গুজরাত টাইটান্সের চোট-আঘাতের কোনও সমস্যা নেই। আগের ম্যাচে শুভমান গিল অর্ধশতরান করলেও চল্লিশের কোটায় পৌঁছনোর পর তাঁর স্ট্রাইক রেট কমে গিয়েছিল। যার জন্য সমালোচিতও হন গিল। দুই দলই পাওয়ারপ্লে-তে কতটা ঝড় তোলে তার উপর নির্ভর করতে পারে ম্যাচের গতিপ্রকৃতি। একইসঙ্গে রান তাড়া করতে হলে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে চাইবে না গুজরাত।
গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, বি সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, আলজারি জোসেফ। ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর ক্ষেত্রে অদলবদল হতে পারে জশ লিটল ও বিজয় শঙ্করের মধ্যে।

রাজস্থান রয়্যালস ইমপ্যাক্ট প্লেয়ারের নিরিখে অদলবদল করতে পারে ধ্রুব জুরেল ও যুজবেন্দ্র চাহালের মধ্যে। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট বা অ্যাডাম জাম্পা, কুলদীপ সেন
২০২১ সালের আইপিএল থেকে ধরলে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতেই প্রথমে ব্যাট করা দল আমেদাবাদে জিতেছে। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর ১৭৫। আমেদাবাদে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা, টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications