IPL 2023: মুম্বইয়ের বিরুদ্ধে বদলার ম্যাচ গুজরাতের, রোহিত-হার্দিকদের স্ট্র্যাটেজি কেমন হবে?
আইপিএলে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। রোহিত শর্মার দল চাইবে জয়ের সরণিতে ফিরতে। হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী।
আইপিএলে একমাত্র দ্বৈরথে গত বছর মুম্বই ইন্ডিয়ান্স ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৫ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্সকে। পুরানো দলের বিরুদ্ধে এবার নিজেদের মাঠে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে হার্দিকের কাছে।

গুজরাত টাইটান্স ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে। আজ জিতলে চেন্নাই সুপার কিংসের মতো হার্দিকের দলের পয়েন্ট হবে ১০, নেট রান রেটে চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে শীর্ষস্থানেও চলে আসতে পারে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে সাতে।
মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দুটি ম্যাচে হারার পর টানা তিনটি ম্যাচ জেতে। তবে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ১৩ রানে হেরেছে। অর্জুন তেন্ডুলকরের এক ওভারে ৩১ রান দেওয়া এই হারের ক্ষেত্রে ফ্যাক্টর হয়। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং শক্তি ভালো। গুজরাতের বোলিং বিভাগ ভরসা দিচ্ছে। হার্দিকরা অবশ্য এবার ২টি হোম ম্যাচেই হেরেছেন।

গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ক্লিক করছে না। মাঝের ওভারে রান তোলার গতিও কমে যাচ্ছে। এই দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে চাইবে তারা। শুভমান গিল ও জয়ন্ত যাদবের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ারের রদবদল হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স জেসন বেহরেনডর্ফের জায়গায় খেলাতে পারে রাইলে মেয়ারডিথকে। ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন নেহাল ওয়াধেরা।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, জশ লিটল বা নূর আহমেদ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, অর্জুন তেন্ডুলকর, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ বা রাইলে মেয়ারডিথ।
চলতি মরশুমে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ম্যাচগুলি হয়েছে তাতে আজ হাই স্কোরিং ম্যাচ হবে বলেই আশা বিশেষজ্ঞদের। প্রতিটি ম্যাচেই ১৭৫-এর বেশি রান উঠেছে। আমেদাবাদের দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে খেলা রাতে হলেও গরম থাকবে। পিচ স্পিনারদের সহায়ক হতে পারে। বৃষ্টির পূর্বাভাস নেই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications