IPL 2023: আইপিএলে গুজরাতের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই দিল্লির, কেমন হতে পারে স্ট্র্যাটেজি?
আইপিএলে ফিরতি সাক্ষাতে গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ৪ এপ্রিল দিল্লিতে গিয়ে ডেভিড ওয়ার্নারের ক্যাপিটালসকে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল টাইটান্স। গত বছরের আইপিএলে ১৪ রানে দিল্লিকে হারায় গুজরাত।
এই ধারা অব্যাহত থাকলে কালই বিদায় নিশ্চিত হয়ে যাবে দিল্লি ক্যাপিটালসের। ৮ ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের দলের রয়েছে সাকুল্যে ৪ পয়েন্ট। প্লে-অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচেই জিততে হবে দিল্লিকে। যা বেশ কঠিন।

গুজরাত টাইটান্স কলকাতায় কেকেআরকে হারিয়ে প্রথম দল হিসেবে ১২ পয়েন্টে পৌঁছে গিয়েছে। শুভমান গিলকে দেখা গিয়েছে চেনা ছন্দে, মিডল অর্ডার ভরসা দিয়েছে। অভিনব মনোহর, বিজয় শঙ্কররা দলের আস্থার মর্যাদা দিচ্ছেন। রশিদ খান বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী। গুজরাতের দুর্বলতা বলতে ঋদ্ধিমান সাহার ফর্ম।
মোহিত শর্মা হাতে চোট পেয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। যদিও তা নিয়ে চিন্তার কিছু নেই বলেই জানা যাচ্ছে গুজরাত টাইটান্স শিবির থেকে। ঋদ্ধিমান সাহাকে দিয়ে শুধু কিপিং করিয়ে ব্যাটিংয়ের সময় তাঁর জায়গায় বি সাই সুদর্শনকে ব্যবহার করার ভাবনাও ঘুরপাক খাচ্ছে। গুজরাত প্রথমে ব্যাট করলে ঋদ্ধিই দলে থাকবেন।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের রোগ সারানো যাচ্ছে না। সে কারণে ডু অর ডাই ম্যাচেও দিল্লির একাদশে কিছু রদবদল আসতেই পারে। পৃথ্বী শ-র দলে ফেরার সম্ভাবনা কম। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ফিল সল্টকে দিয়েই ওপেন করানো হতে পারে। রিপল প্যাটেলের জায়গায় অভিষেক পোড়েলকে আনা হতে পারে। সরফরাজ খানের ফর্মে না থাকাও বড় সমস্যা।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) বা বি সাই সুদর্শন, অভিনব মনোহর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা, মহম্মদ শামি। বোলিংয়ের সময় নামবেন নূর আহমেদ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, সরফরাজ খান, প্রিয়ম গর্গ, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল বা অভিষেক পোড়েল, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময় নামবেন মুকেশ কুমার।

আমেদাবাদে প্রথম ইনিংসে গড় স্কোর এখন ১৯২। তবে প্রথমে ব্যাট করে জেতার ক্ষেত্রে সেটা আরেকটু বেশি, ২০৭ রান। ব্যাটিং সহায়ক উইকেটেই কালকের ম্যাচ খেলা হবে। তবে কোন পিচে খেলানো হবে তার উপর নির্ভর করবে বাউন্ডারি কোন দিকে কতটা থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে জমজমাট দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications