IPL 2023: সাই সুদর্শনকে নিয়ে হার্দিকের বিরাট ভবিষ্যদ্বাণী, গাভাসকর প্রশংসা করলেন স্মার্ট ক্রিকেটের
গুজরাত টাইটান্সের হয়ে হিমশীতল মস্তিষ্কের মাধ্যমে হিসেব কষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় নিশ্চিত করেছেন বি সাই সুদর্শন। তামিলনাড়ুর এই ক্রিকেটার চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
সাই সুদর্শন আইপিএলে ম্য়াচের সেরা হলেন এই প্রথমবার। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। সুনীল গাভাসকরও তাঁর ব্যাটিংয়ে সন্তুষ্ট। এমনকী প্রতিপক্ষ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মুখেও শোনা গিয়েছে সুদর্শনের প্রশংসা।

সাই সুদর্শন ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বলেন, এই পুরস্কার নিতে এসে কিছুটা নার্ভাস লাগছে। এই প্রথম এখানে। ব্যাটিংয়ের সময় চাপ অনুভব করিনি। তবে সব সময় ভাবছিলাম কোনটা করা সঠিক হবে। বল কিছুটা নেমে আসছিল। আমার লক্ষ্যই ছিল যতটা সম্ভব পারি ক্রিজে থাকা। প্রথম দিকে বল ভালো সিম করছিল। ফলে সতর্ক থেকেই ব্যাটিং করেছি।
সাই সুদর্শন গত বছর গুজরাত টাইটান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন। একটি অর্ধশতরান-সহ ১৪৫ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ৬৫। গতকাল যে পরিণত ব্যাটিং করেছেন তাতে স্বস্তি গুজরাত শিবিরে। চলতি আইপিএলে দুটি ম্যাচে তাঁর রান আপাতত ৮৪। হার্দিক পাণ্ডিয়া বলেন, সুদর্শন দারুণ ব্যাটিং করছেন। কঠোর পরিশ্রমের ফল দেখা যাচ্ছে। আগামী দুই বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি আশা করি ভারতীয় দলের হয়েও ভালো কিছু করবেন সুদর্শন।

ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেন, এই ম্যাচে এবং আগের ম্যাচে যেটা লক্ষ্যণীয় তা হলো সুদর্শনের আত্মবিশ্বাস। গত বছর কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন। অল্প কয়েকটি সুযোগেও বেশ কয়েকবার তিনি ৩০-এর বেশি রান করেছেন। প্রথম বল সামলানোর সময় থেকেই তাঁর আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। সবচেয়ে উঁচু পর্যায়েও যে স্বস্তি নিয়ে তিনি খেলতে পারেন, সেটা বোঝা যাচ্ছে।
সুদর্শনের স্মার্ট ক্রিকেটের প্রশংসা করে সানি বলেন, সুদর্শন বুঝিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ নিতে তিনি তৈরি। তিনি উপলব্ধি করেছিলেন আনরিখ নরকিয়া যে গতিতে বল করছেন তাতে প্রথমে কাউন্টার অ্যাটাক করা যাবে না। এরপর নরকিয়া দ্বিতীয় স্পেলে এলে তাঁকে দুটি ছক্কা হাঁকান। এটাই স্মার্ট ক্রিকেট। ইনিংস গড়ার সময় তিনি সতর্ক ছিলেন, যা সঠিক। কেন না, এই ফরম্যাটে অনেকেই চালিয়ে খেলতে চান।

সুদর্শনকে আরও উঁচুতে যেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গাভাসকর। আত্মতুষ্টিতে না ভোগার সতর্কবাণীও দিয়েছেন। সুদর্শনের ফিল্ডিংয়েরও প্রশংসা করেছেন গাভাসকর। টেম্পারামেন্ট ভালো। সে কারণে সুদর্শন দ্রুত নিজেকে টপ প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করবেন বলেও আশাবাদী সানি। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কথায়, আমরা ম্যাচে ছিলাম। কিন্তু সুদর্শন খুবই ভালো ব্য়াটিং করেছেন।
ওয়ার্নার বলেন, সুদর্শন ভালো ব্যাটিং করার পাশাপাশি ডেভিড মিলার বাকি কাজটা সারলেন। দিল্লিতে বল ভালো স্যুইং করেছে। প্রত্যাশার চেয়ে বেশি। আগামী ৬টি ম্যাচে এটা মাথায় রাখতে হবে। গুজরাত টাইটান্স ম্যাচের শিক্ষাকে কাজে লাগাতে হবে। উইকেটের কথা ভেবেই অক্ষর প্যাটেলকে বল না দেওয়ার কথা বলেন ওয়ার্নার। তিনি ভেবেছিলেন, অক্ষরের চেয়ে কুলদীপই কার্যকরী হবেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications