IPL 2023: রিঙ্কুর মারের পরই অসুস্থ যশ, ওজন কমেছে, চিন্তার কথা জানালেন হার্দিক
আইপিএলে এবার এক ওভারে সবচেয়ে বেশি ৩১ রান দিয়েছেন যশ দয়াল ও অর্জুন তেন্ডুলকর। সচিন-পুত্র অর্জুন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ রান দিলেও তাঁকে পরের ম্যাচে খেলিয়েছে মুম্বই, গতি কম হলেও খারাপ বোলিং করেননি।
যদিও রিঙ্কু সিংয়ের হাতে বেধড়ক ঠ্যাঙানি খাওয়ার পর গুজরাত টাইটান্সের হয়ে আর খেলতে দেখা যাচ্ছে না যশ দয়ালকে। রিঙ্কু সিং নিজে যশকে উৎসাহিত করার বার্তা দিয়েছিলেন। গুজরাত টাইটান্সও পাশে থাকার কথা জানায়। কিন্তু খেলাচ্ছে না।

৯ এপ্রিল কেকেআরের জিততে দরকার ছিল শেষ ওভারে ২৯ রান। রিঙ্কু সিং টানা পাঁচটি ছক্কা হাঁকান। এমন ক্ষেত্রে বোলারদের পাশে থাকা উচিত, এ কথা সকলে উল্লেখ করেছিলেন অর্জুনের সময়ও। কেকেআর যশকে ঘুরে দাঁড়ানোর জন্য উৎসাহ প্রদানের বার্তা দেয়। কিন্তু যশকে এরপর একাদশ দূরস্ত, পরিবর্তদের তালিকাতেও রাখেনি গুজরাত।
যশ দয়ালের পরিবর্তে মোহিত শর্মাকে খেলাচ্ছে গুজরাত। মোহিত দলের আস্থার মর্যাদা দিয়ে ডেথ ওভারে ভালো বোলিং করে উইকেটও পাচ্ছেন। যদিও গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে এবার পড়তে হলো যশ দয়াল সংক্রান্ত প্রশ্নের মুখে। হার্দিকের কথায় তখনই জানা গেল চিন্তার কথা! চলতি আইপিএলে যশকে দেখা যাবে কিনা, নিশ্চয়তা দিলেন না হার্দিক।

স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিতে গিয়ে হার্দিক বলেন, যশ কেকেআর ম্যাচের পর থেকে অসুস্থ। তাঁর ৭-৮ কেজি ওজন কমেছে। ওই সময় অনেকেই ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হচ্ছিলেন। যে পরিস্থিতির মুখে যশ পড়েন তাতে বর্তমানে তাঁর মাঠে নামার মতো অবস্থা নেই। দিনের শেষে কারও লাভে কারও ক্ষতি। যশকে মাঠে ফেরাতে আরও সময় লাগবে।

গত বছর গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল। যশ দয়াল ৯ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন। এবার তিনি সাকুল্যে তিনটি ম্যাচ খেলেছেন। কোনও উইকেট পাননি। কেকেআর ম্যাচে ৪ ওভারে ৬৯ রান দিয়েছেন, যা এখনও অবধি সর্বাধিক। যশের জায়গায় এসে মোহিত ৪ ম্যাচে ৬টি উইকেট দখল করেছেন। গুজরাত এই মুহূর্তে পয়েন্ট তালিকার দুইয়ে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications