IPL 2023: মুম্বইকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৩৪ রানের টার্গেট দিল গুজরাত, শুভমান একাই ১২৯
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার দেরিতে শুরু হয় বৃষ্টির কারণে। তারপর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আছড়ে পড়ল গিল-ঝড়। রবি শাস্ত্রী ম্যাচ শুরুর আগে বলছিলেন, প্লে-অফে এই উইকেটে ১৭৫ রানই লিগ পর্বের ১৯০ রান। সেখানে গুজরাত তুলল অনেক বেশি।
প্লে-অফের যে চাপ থাকে সেটা বোঝাতেই এমন হিসেব দিয়েছিলেন শাস্ত্রী। কিন্তু শুভমান গিলের চলতি আইপিএলের তৃতীয় শতরান গুজরাত টাইটান্সকে পৌঁছে দিল ২০ ওভারে ৩ উইকেটে ২৩৩ রানে। যার মধ্যে গিলের একারই ১২৯।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে গুজরাত টাইটান্সের স্কোর ছিল বিনা উইকেটে ৫০। ৬.২ ওভারে ঋদ্ধিমান সাহা ১৬ বলে ১৮ রান করে পীযূষ চাওলার বলে স্টাম্প আউট হন। দলের ৫৪ রানের মাথায়। এরপর গুজরাতের দ্বিতীয় উইকেট পড়ে ১৯২ রানে।

শুভমান গিল ও বি সাই সুদর্শনের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৬৪ বলে ১৩৮ রান। যার মধ্যে শুভমানেরই ৩৮ বলে ৯৫ রান। গুজরাত টাইটান্সের ৫০ রান পূর্ণ হয়েছিল ৫.৫ ওভারে। ১১.১ ওভারে ১০০, ১৪.৩ ওভারে ১৫০ ও ১৭.৪ ওভারে ২০০ রান পূর্ণ হয় হার্দিক পাণ্ডিয়ার দলের।

চলতি আইপিএলের তৃতীয় শতরান হাঁকানোর পাশাপাশি সর্বাধিক রান সংগ্রহকারীও হয়ে গিয়েছেন গিল। আজ ৯ রান করার সঙ্গে সঙ্গেই গিল টপকে যান ফাফ দু প্লেসির ৭৩০ রানের নজির। এরপর বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলের কোনও সংস্করণে সাড়ে আটশোর উপর রান করলেন শুভমান।

সাতটি চার ও ১০টি ছয়ের সাহায্যে শুভমান করেন ৬০ বলে ১২৯ রান। ১৬.৫ ওভারে দলগত ১৯২ রানের মাথায় তিনি আউট হন আকাশ মাধওয়ালের বলে। ক্যাচ ধরেন টিম ডেভিড। যিনি শুভমান ৩০ রানে ব্যাট করার সময় তাঁর ক্যাচ ফেলেছিলেন। ১৯তম ওভারের শেষে সাই সুদর্শন রিটায়ার্ড আউট হন। তিনি ৩১ বলে ৪৩ রান করেন।

৭ থেকে ১৫ ওভারের মধ্যে গুজরাত টাইটান্স ১ উইকেটের বিনিময়ে তোলে ১১৬ রান। শেষ পাঁচ ওভারে ২ উইকেট (যার মধ্যে একটি রিটায়ার্ড আউট) হারিয়ে ৬৭ রান আসে। ২টি করে চার ও ছক্কার সাহায্যে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ৫ রানে নট আউট থাকেন রশিদ খান।
আকাশ মাধওয়াল ৪ ওভারে ৫২ ও পীযূষ চাওলা ৩ ওভারে ৪৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ক্রিস জর্ডন ৪ ওভারে ৫৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ২৮, ক্যামেরন গ্রিন ৩ ওভারে ৩৫, ও কুমার কার্তিকেয় ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি।
১৬.১ ওভার থেকে ঈশান কিষাণের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে উইকেটকিপিং করেন বিষ্ণু বিনোদ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications