IPL 2023: শুভমান গিল টপকে গেলেন ফাফকে, আইপিএলের কমলা টুপির দখলে স্পর্শ বিরাটের নজির
শুভমান গিলের মুকুটে যোগ হলো আরও একটি পালক। চলতি আইপিএলে তিনিই পাকাপাকিভাবে দখলে রাখতে চলেছেন কমলা টুপি। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত গুজরাত টাইটান্স ওপেনারের ধারেকাছে কেউ নেই।
আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার জুটি শুরুটা করেছে ভালোভাবেই। এরই মধ্যে নজির গড়ে ফেলেছেন গিল।

আজকের ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন ফাফ দু প্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক আজ থেকে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন। আরসিবি লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। দু প্লেসি ৮টি অর্ধশতরান-সহ ১৪ ম্যাচে ১৪ ইনিংসে ৭৩০ রান করেছেন।

আজকের খেলা শুরুর আগে দু প্লেসিকে টপকানোর জন্য গিলের প্রয়োজন ছিল ৯ রান। আইপিএলে কোনও একটি সংস্করণে সর্বাধিক রান করার ক্ষেত্রে শুভমানের রান আপাতত রয়েছে তালিকার চতুর্থ স্থানে। বিরাট কোহলি ছা়ড়া আইপিএলের কোনও সংস্করণে সাড়ে সাতশো রান করার নজির আর কোনও ভারতীয় ব্যাটারের ছিল না।

২০১৬ সালের আইপিএলে বিরাট কোহলি ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন। গত বছর জস বাটলার ১৭ ম্যাচে করেছিলেন ৮৬৩ রান। ডেভিড ওয়ার্নার ২০১৬ সালের আইপিএলেই ১৭ ম্যাচে ৮৪৮ রান করেছিলেন। এই তিন ব্যাটারের পরেই আপাতত জায়গা করে নিলেন গিল।
তিনি একে একে টপকে যান ফাফ দু প্লেসি (চলতি আইপিএলে ৭৩০), মাইক হাসি (২০১২ সালে ৭৩৩), ক্রিস গেইল (২০১৩ সালে ৭৩৩), কেন উইলিয়ামসন (২০১৮ সালে ৭৩৫)-কে। এবারের আইপিএলে শুভমান এখনও অবধি ২টি শতরান করেছেন, হাফ সেঞ্চুরি পেয়েছেন চারটি।

চলতি আইপিএলে রান সংগ্রহের তালিকায় গিলের পরে রয়েছেন যথাক্রমে ফাফ দু প্লেসি (৭৩০), বিরাট কোহলি (৬৩৯), ডেভন কনওয়ে (৬২৫), যশস্বী জয়সওয়াল (৬২৫)। একমাত্র ডেভন কনওয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলবেন। বাকি ব্যাটারদের দল বিদায় নিয়েছে।
ফলে শুভমানই দখলে রাখবেন চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে কমলা টুপি। আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে দেওয়া হয় বেগুনি টুপি। সেই পুরস্কারটিও গুজরাত টাইটান্সের মহম্মদ শামি বা রশিদ খান পাবেন। শামি এখনও অবধি ২৬টি ও রশিদ ২৫টি উইকেট পেয়েছেন।
এদিকে, শেষ পাওয়া খবরে গুজরাত টাইটান্স ৯ ওভারে এক উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে। শুভমান গিল ৩০ বলে ৪৮ ও বি সাই সুদর্শন ৮ বলে ১২ রানে ব্যাট করছেন। ১৬ বলে ১৮ রান করে ঋদ্ধিমান সাহা স্টাম্প আউট হয়েছেন পীযূষ চাওলার বলে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications